খুলনা | সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩

মেহেরপুরে তেল পাম্পে হামলা-ভাঙচুর

মেহেরপুর প্রতিনিধি |
০২:২০ এ.এম | ২০ এপ্রিল ২০২৬


মেহেরপুর শহরের একটি তেল পাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে শহরের কাথুলী সড়কে অবস্থিত জেড কে ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১৫ জনের একটি উচ্ছৃঙ্খল যুবক হঠাৎ করে পাম্পে এসে জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা করে। এ সময় পাম্পে অন্যান্য গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে নিয়ম অনুযায়ী তেল নিচ্ছিলেন। কিন্তু ওই যুবকরা লাইনের তোয়াক্কা না করে তেল দাবি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা পাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ সময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করেন।
জেড কে ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রেজানুর রহমান বিশ্বাস জানান, মেহেরপুর মাঠপাড়া ও নতুনপাড়ার কিছু যুবক প্রায়ই পাম্পে এসে সিরিয়াল ভেঙে জোর করে তেল নিতে চায় এবং প্রায়ই অশান্ত পরিস্থিতির সৃষ্টি করে। ঘটনার দিন প্রায় ৫০টির বেশি মোটরসাইকেল নিয়ে তারা একযোগে পাম্পে আসে এবং সিরিয়াল না মেনে তেল নিতে চাপ সৃষ্টি করে। এতে বাধা দিলে তারা অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এভাবে নিরাপত্তাহীনতার মধ্যে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ