খুলনা | সোমবার | ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৩৬ পি.এম | ২০ এপ্রিল ২০২৬


রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে ৩ উইকেটে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ ওভারগুলোতে চাপের মুখে পড়লেও অভিজ্ঞতা ও লড়াকু মানসিকতায় ম্যাচ বের করে নিয়েছে টাইগ্রেসরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে ২০৫ রান। দলের হয়ে হানসিমা করুণারত্নে ৭১ বলে ৫৪ রান এবং ইমেশা দুলানি ৭৭ বলে ৫২ রান করেন। কাভিশা দিলহারি ৩৮ বলে ৩০ এবং ভারপ্রাপ্ত অধিনায়ক হাসিনি পেরেরা ৪১ বলে ২৭ রান যোগ করেন। বাংলাদেশের বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন রিতু মনি, যিনি ৩ উইকেট নেন। নাহিদা আক্তার ২টি এবং সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন ও মারুফা আক্তার ১টি করে উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়। মাত্র ১ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি। শারমিন সুলতানা ৩ বলে শূন্য রানে ফিরে যান। জুরাইরিয়া ফেরদৌসও ৫ বলে ৫ রান করে দলের ৫ রানের মাথায় আউট হন। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা জুটি গড়েন।

জ্যোতি ২৯ বলে ১৩ রান করে ৩৫ রানের মাথায় ফিরলে ক্রিজে আসেন সোবহানা মোস্তারী। দুজনে মিলে দারুণ জুটি গড়েন। শারমিন ফিফটি তুলে নেন এবং সেঞ্চুরির পথে এগোতে থাকেন। সোবহানাও ফিফটির দিকে যাচ্ছিলেন, কিন্তু ৫৬ বলে ৪১ রান করার পর আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

শারমিনের সঙ্গে তখন জুটি বাঁধেন স্বর্ণা আক্তার। দল ১৯৯ রানে পৌঁছালে হঠাৎ ধস নামে। ১২৭ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে শারমিন আউট হন। পরক্ষণেই ফিরে যান ৪৮ বলে ৩৫ রান করা স্বর্ণা। এরপর রিতু মনি ও রাবেয়া খানও দ্রুত আউট হলে চাপ বাড়ে। শেষ ৩ ওভারে ৫ রান দরকার ছিল, কিন্তু লঙ্কান বোলাররা টাইট লাইন-লেংথে রান বের করা কঠিন করে তোলেন।

শেষ পর্যন্ত সুলতানা খাতুন ও নাহিদা আক্তারের অপরাজিত জুটিতে ৯ বল বাকি রেখে লক্ষ্য পূরণ করে বাংলাদেশ। নাহিদা ৭ বলে ৩ রান এবং সুলতানা সমান বলে ১ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার হয়ে দেওমি ভিহঙ্গ ৩ উইকেট নেন, মালকি মাদারা ২টি এবং নিমাশা মীপাগে ও ইনোকা রানাবীরা ১টি করে উইকেট পান।

প্রিন্ট

আরও সংবাদ