খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

কালীগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন

৮৩ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার ও কৃষকদলের কমিটি পুনর্বহালের দাবি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
১১:৪৫ পি.এম | ২০ এপ্রিল ২০২৬


ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র একাংশ ৮৩ জন নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং বিলুপ্ত কৃষকদলের কমিটি পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। সোমবার সকালে শহরের নলডাঙ্গা সড়কে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ডাঃ নুরুল ইসলাম। বক্তব্যের শুরুতে তিনি উপজেলার প্রয়াত বিএনপি নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন।
তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত সমীকরণের কারণে ঝিনাইদহ-৪ আসনে দলীয়ভাবে বাইরের একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। তবে স্থানীয় নেতাকর্মীরা জনপ্রিয়তার বিবেচনায় স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে অবস্থান নেন এবং আবেগের বশবর্তী হয়ে তার পক্ষেই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেন। তিনি দাবি করেন, ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দলীয় প্রার্থীর চেয়ে প্রায় ২২ হাজার ভোট বেশি পান।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, নির্বাচনের ঠিক আগে কেন্দ্রীয় সিদ্ধান্তে ৮৩ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয় এবং কৃষকদলের কমিটি বিলুপ্ত করা হয়, যা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলেও বিএনপি’র আদর্শ থেকে বিচ্যুত হননি। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি তাদের আস্থা অব্যাহত রয়েছে। তারা মনে করেন, দলের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা এবং তৃণমূলের মতামত উপেক্ষার কারণেই এ আসনে বিএনপি’র পরাজয় ঘটে।
নেতারা দ্রুত বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং কৃষকদলের কমিটি পুনর্বহালের দাবি জানিয়ে বলেন, এতে দলের সাংগঠনিক শক্তি পুনরুদ্ধার হবে এবং ভবিষ্যতে যে কোনো দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করা সহজ হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ইলিয়াস রহমান মিঠু, শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপি’র সাবেক নেতা আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

প্রিন্ট

আরও সংবাদ