খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩৮ এ.এম | ২১ এপ্রিল ২০২৬


যশোরের চৌগাছা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) ও ইউসুফ আলী (৯) নামে দুইজন নিহত হয়েছেন। রোববার রাতে ও সোমবার সকালে এ দু’টি দুর্ঘটনা ঘটে। 
সোমবার সকাল পৌনে ৮টার দিকে হাকিমপুর-বারোবাজার সড়কে ট্রাকচাপায় ইউসুফ আলী (৯) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়। নিহত ইউসুফ হাকিমপুর গ্রামের আব্বাস আলী কালুর ছেলে এবং স্থানীয় পরশমণি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাওয়ার পথে হযরত আলীর মুদি দোকানের সামনে পৌঁছালে বারোবাজার থেকে চৌগাছাগামী একটি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১৪৭১) তাকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক রেজাউল (৫০) পালিয়ে যায়। এ সময় উত্তেজিত জনগণ ট্রাকটি ভাঙচুর করে।
চৌগাছা থানা পুলিশ ডিউটি অফিসার আব্দুর রশিদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন করে এবং ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় চৌগাছা থানায় আলাদা দু’টি মামলার প্রস্তুতি চলছে।
অপর দিকে দুর্ঘটনায় নিহত আশরাফুল ইসলাম উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর গ্রামের মমিনুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি খুলনায় অবস্থান করছিলেন। দাদীর মৃত্যুর খবর পেয়ে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে রাত সাড়ে ৮টার দিকে চৌগাছার বকশিপুর বাজার অতিক্রম করে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

প্রিন্ট

আরও সংবাদ