খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় ২৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ হাজার ৩৩৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪০ এ.এম | ২১ এপ্রিল ২০২৬


সাতক্ষীরা জেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী। জেলার ২৯টি কেন্দ্রে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলা শিক্ষা বিভাগ কঠোর অবস্থান গ্রহণ করেছে। এবার বিশেষ তদারকির অংশ হিসেবে কোনো শিক্ষকই নিজ প্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করতে পারবেন না।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবীর জানান, জেলার সাতটি উপজেলায় মোট ২৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে ইতোমধ্যে কক্ষ পরিদর্শক ও সংশ্লি¬ষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা সম্পন্ন করা হয়েছে।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাদমান ছালেহীন বলেন পরীক্ষার প্রস্তুতি মোটামুটি ভালো। এবারের প্রশ্ন কেমন হবে আমরা জানি না। তবে প্রশ্ন যদি ভালো হয় পরীক্ষা ভালো হবে। একজন অভিভাবক বলেন এখন কেউ আর নকল করে না। 
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে। এক কেন্দ্রের শিক্ষক অন্য কেন্দ্রে দায়িত্ব পালন করবেন (রোটেশনাল ডিউটি)। অর্থাৎ, যে কেন্দ্রে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, সেই কেন্দ্রের শিক্ষক ওই পরীক্ষাকেন্দ্রে ডিউটি দিতে পারবেন না। প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা ও আন্তঃকেন্দ্র শিক্ষক বদলির ব্যবস্থা করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ