খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

হয়রানি ও জীবননাশের হুমকির প্রতিবাদে ডুমুরিয়ায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৫২ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


অজ্ঞাত পরিচয় ব্যক্তি কর্তৃক ডাকযোগে  চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে জীবন নাশের হুমকি এবং পথরোধ করে টাকা ছিনতাই করে নেয়ার ঘটনার প্রতিবাদে এক ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার সকালে ভুক্তভোগী ব্যবসায়ী আলমগীর কবির পাভেল ডুমুরিয়া সদরে এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী জানান, তিনি খুলনা নগরীর গোবরচাকা এলাকার বাসিন্দা হিসেবে নগরীতে এবং ডুমুরিয়া উপজেলার কাকমারী এলাকায় দীর্ঘদিন ধরে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। অজ্ঞাত পরিচয় একটি স্বার্থন্বেষী কুচক্রী মহল তার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি এবং ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলের হুমকি-ধামকি দিয়ে আসছে। বিগত ২০২৪ সালের আগস্ট মাসে দেশের পট পরিবর্তনের পর ওই কুচক্রী মহলটি ব্যবসায়ী তাকে নানাবিধভাবে হয়রানি করতে উঠে পড়ে লেগেছে। এরই ধারাবাহিকতায় গত ৩১ মার্চ ডাকযোগে তার নগরীর গোবর চাকা এলাকার ঠিকানায় অজ্ঞাতনামা ব্যক্তি পরিচয়ে হত্যার হুমকি দিয়ে চিঠি এবং কাফনের কাপড় পাঠানো হয়েছে। পাঠানো চিঠিতে লেখা রয়েছে, ‘আগের দিন বেঁচে গেছিস। তোর কিন্তু নিস্তার নাই। কিন্তু শেষ একটা সুযোগ পেয়ে গেলি। কাফনের কাপড় আগে পাঠালাম, কারণ পরের বার সময় পাবিনা। কাপড় দেখ আর দিন গুণতে থাক। তোর ব্যবসা প্রতিষ্ঠানও থাকবে না, তুই ও থাকবিনা।’ চিঠির খামে প্রেরক হিসেবে লেখা রয়েছে ‘সুনিল মন্ডল’। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পাভেল নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করলেও পুলিশ এখনও কোন ব্যবস্থা নিতে পারিনি। 
অপর দিকে গত ৯ ফেব্র“য়ারি সকালে তিনি কাকমারী মৎস্য ঘেরের জন্যে ডুমুরিয়া সদরে বাঁশ কেনার জন্যে আসলে অজ্ঞাত পরিচয়ের ৪/৫ জন ব্যক্তি মোটর সাইকেল যোগে এসে অতর্কিতভাবে তাকে মারপিট করে এবং তার কাছে থাকা সাড়ে ২১ হাজার টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ জানালেও এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নিতে সক্ষম হয়নি পুলিশ। হত্যার হুমকি দিয়ে পাঠানো চিঠি ও কাফনের কাপড় পেয়ে এবং অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের হাতে মারপিট এবং টাকা পয়সা খোয়ায়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এক অজানা আতঙ্ক সার্বক্ষণিক তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
 

প্রিন্ট

আরও সংবাদ