খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ১২ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপন

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম-এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৫৪ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব)-এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও নিয়মবহির্ভূতভাবে অবৈধ বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের গুরুতর অভিযোগ উঠেছে। এব্যাপারে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ লুৎফর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, আশাশুনি উপজেলার মনোহরপুর এলাকায় জনৈক মোঃ তালহা তার বৈধ মিটার থেকে প্রায় ৫০০ ফুট দূরে বাঁশের খুঁটি ব্যবহার করে একটি অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। ড. লুৎফর রহমানের জমির ওপর দিয়ে নেওয়া এই ঝুঁকিপূর্ণ লাইনের কারণে কালবৈশাখী ঝড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হলে গত ১৫ এপ্রিল দুপুরে বুধহাটা সাব-জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার ও লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সংযোগটি সম্পূর্ণ অবৈধ এবং নির্ধারিত দূরত্বসীমা অতিক্রম করলেও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম-এর হস্তক্ষেপে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে পুনরায় সংযোগ প্রদান করা হয়। যেখানে নিয়ম অনুযায়ী বোরিং ১৩০ ফুটের মধ্যে থাকার কথা, সেখানে প্রায় ৩০০-৪০০ ফুট দূরে অবৈধভাবে সংযোগ বহাল রাখা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবৈধ সংযোগটি পুনরায় চালু থাকায় এলাকাবাসী জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
অভিযোগকারী এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অপরদিকে অবৈধ সংযোগগ্রহণকারী মোঃ তালহা তার বিরুদ্ধে অভিযোগে ক্ষিপ্ত হয়ে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও খুন জখমের হুমকি প্রদান করায় থানায় জিডি করা হয়েছে। জিডি নং ৭১৪, তাং ১৫/৪/২৬।
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের জিএম বলেন, সেখানে অনিয়ম করে কোন লাইন দেয়া হয়নি। এটা তাদের চাচা আর ভাতিজার দ্ব›েদ্বর একটা রেশ মাত্র।

 

প্রিন্ট

আরও সংবাদ