খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

ফকিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছিনতাইকালে আটক দু’জনকে গণধোলাই

ফকিরহাট প্রতিনিধি |
০১:৩০ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


ফকিরহাটে এক কাঁচামাল ব্যবসায়ীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের সুখদাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর জখম কাঁচামাল ব্যবসায়ী আকবর হোসেন (২৩) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রামপাল উপজেলার শিবনগর এলাকার কাঁচামাল ব্যবসায়ী আঃ রাজ্জাকের ছেলে। রাজ্জাকও ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন।
আটককৃতরা হলেন রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকার মৃত এসকান শেখের ছেলে মোঃ মিজানুর রহমান শেখ সুমন (৩৬) ও চাকুশ্রী  এলাকার ওমর ফারুকের ছেলে মেহেদী হাসান। সুমন বর্তমানে মোল­াহাটের বুড়িগাংনী এলাকায় বসবাস করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান মঙ্গলবার ভোর ৫টার দিকে কাঁচামাল ব্যবসায়ী আঃ রাজ্জাক ও তার ছেলে আকবর হোসেন রামপাল থেকে ভ্যানযোগে খুলনা পাইকারী আড়তে কাঁচামাল আনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফকিরহাট সুখদাড়া এলাকায় পৌঁছালে দু’টি মোটরসাইকেলে ৩/৪ জনের একটি ছিনতাইকারী দল তাদের গতিরোধ করে। এসময় ধারালো ছুরির ভয় দেখিয়ে বাবা-ছেলের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দিলে ছেলে আকবর হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে তাদের কাছে থাকায় ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এদিকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় আকবর হোসেনের বাবা দু’জনকে টেনে ধরে। এতে  মোটরসাইকেল থেকে দুই ছিনতাইকারী নিচে পড়ে যায়। এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদের আটক করে। পরে তাদের গণধোলায় দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে। ছিনতাইয়ের সাথে জড়িত অন্যরা পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে ছুরি উদ্ধার হলেও এখন পর্যন্ত ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি। 
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আটক মিজানুর রহমান শেখ ও মেহেদী হাসানের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।

প্রিন্ট

আরও সংবাদ