খুলনা | বৃহস্পতিবার | ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩

দেশে বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮,০৬৭ মিলিয়ন ডলার : সংসদে অর্থমন্ত্রী

খবর প্রতিবেদন |
০২:৩০ এ.এম | ২২ এপ্রিল ২০২৬


বর্তমানে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮,০৬৭ দশমিক ২০ মিলিয়ন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৮তম দিনে প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের তিনি এ তথ্য জানান।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা প্রশ্ন রেখে বলেন, বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ কত? ঋণ পরিশোধে এই পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত কোনো ঋণ পরিশোধ করেছে কি না?
জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২০২৬ সালের ফেব্র“য়ারি মাস পর্যন্ত হিসাব অনুযায়ী, বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ লাখ ২০ হাজার (৭৮,০৬৭.২০) মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ।
অর্থমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। প্রতি অর্থবছর বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয় কত হতে পারে তার একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সে পরিমাণ অর্থঋণ পরিশোধ বাবদ বাজেটে সংস্থান রাখা হয়। বাজেট বরাদ্দ ব্যবহার করেই সারা বছর পরিশোধ সূচি অনুসরণ করে ঋণ পরিশোধ করা হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করেছে।

প্রিন্ট

আরও সংবাদ