খুলনা | বৃহস্পতিবার | ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩

খুলনার নতুন বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন

নিজস্ব প্রতিবেদক |
০৬:২৯ পি.এম | ২২ এপ্রিল ২০২৬


খুলনা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ আবদুল্লাহ হারুন। তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে বরিশাল ও সিলেট বিভাগেও নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদকে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার করা হয়েছে। অন্যদিকে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মশিউর রহমান।
এর আগে গত ১৯ এপ্রিল গ্রেড ১ পদে পদোন্নতি পেয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবী এবং বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। পরবর্তীতে তারা অবসরে যান।
মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনারের পদটি গুরুত্বপূর্ণ একটি পদ। মাঠ প্রশাসনের আরেক গুরুত্বপূর্ণ পদ জেলা প্রশাসকদের সরাসরি দেখভাল করেন বিভাগীয় কমিশনাররা। নতুন নিয়োগের মাধ্যমে খুলনাসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকার বর্তমান ডিসি মোঃ রেজাউল করিমকে বদলি করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব পদে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 
ফরিদা খানম এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জেলা প্রশাসক হয়ে চট্টগ্রামে গিয়েছিলেন। এক বছর পর তাঁকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়। এখন ঢাকার জেলা প্রশাসক পদে প্রথম নারী হিসেবে যোগ দিতে যাচ্ছেন তিনি।
নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর সচিব, জেলা প্রশাসক থেকে শুরু করে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়েই পরিবর্তন করা হচ্ছে।
 

প্রিন্ট

আরও সংবাদ