খুলনা | বৃহস্পতিবার | ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩

ট্রমা সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান আর নেই, বিএমএ খুলনার শোক

নিজস্ব প্রতিবেদক |
০৩:৩৪ এ.এম | ২৩ এপ্রিল ২০২৬


খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ও অর্থোপেডিক্স (হাড়, জয়েন্ট, মেরুদণ্ড) বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।
বুধবার সকাল নয়টা ৫৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
জানা গেছে, ডাঃ মোঃ কামরুজ্জামান চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) থেকে ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) সম্পন্ন করেছেন। এটিপিক্যাল নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের (সিএমসি) সাবেক ছাত্র বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সদস্য এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ইউনিটের তথ্যপ্রযুক্তি সম্পাদক ছিলেন ডাঃ এম কামরুজ্জামান। 
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, খুলনা-এর সিনিয়র কনসালট্যান্ট হিসেবে ডাঃ কামরুজ্জামান অঞ্চলের শীর্ষস্থানীয় অর্থোপেডিক বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন গণ্য। অর্থোপেডিক্স ও ট্রমা সার্জারিতে তাঁর দ্বৈত বিশেষায়িত দক্ষতা খেলার আঘাত থেকে জটিল ফ্র্যাকচার মেরামত পর্যন্ত সকল ক্ষেত্রে তাঁকে অনন্য করে তুলেছিল। মেরুদণ্ডের সমস্যা, জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং দুর্ঘটনাজনিত ট্রমা মোকাবেলায় তাঁর সুনাম খুলনা জেলা ছাড়িয়ে যশোর ও কুষ্টিয়া জেলার রোগীদেরও টেনে আনে।
ডাঃ মোঃ কামরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মাহমুদ হোসেন।
এদিকে ডাঃ মোঃ কামরুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ, আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিএমএ খুলনা। 
বিবৃতিদাতারা হচ্ছেন বিএমএ খুলনা শাখার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম এবং বিএমএ খুলনার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। 

প্রিন্ট

আরও সংবাদ