খুলনা | বৃহস্পতিবার | ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩

ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০

খবর প্রতিবেদন |
০৪:৪৬ পি.এম | ২৩ এপ্রিল ২০২৬

 

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বুধবার (২২ এপ্রিল) ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করে।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে সকাল থেকে ক্যাম্পাস এলাকায় জড়ো হতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে খবর পেয়ে বেলা পৌনে ১২টার দিকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করে শহরের দিকে রওনা হয়।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে শিবিরের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় এবং দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে এবং ছাত্রদলের একটি অফিসে ভাঙচুর চালায়। পরে তারা লাঠি ও কাঠের বাটাম নিয়ে রেলগেট এলাকায় গিয়ে বিক্ষোভ করে।

ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন জানান, উভয় পক্ষ ক্যাম্পাসে মিছিলের অনুমতি চাইলেও সংঘর্ষটি ক্যাম্পাসের বাইরে হয়েছে। কলেজের ভেতরে কোনো ঘটনা ঘটেনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ