খুলনা | বৃহস্পতিবার | ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩

শিক্ষার্থীদের পাঠাভ্যাস বাড়াতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে কাজ করবে সরকার

খবর প্রতিবেদন |
০৫:৪৬ পি.এম | ২৩ এপ্রিল ২০২৬

 

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং মেধা ও মননশীল সমাজ বিনির্মাণে এখন থেকে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে দেশের শিক্ষাব্যবস্থায় সৃজনশীলতা ও পাঠাভ্যাস পুনরুদ্ধারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের শিক্ষা ও সাংস্কৃতিক খাতের নীতিনির্ধারকগণ উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া নীতি নির্ধারণী পর্যায়ে বিশেষ ভূমিকা রাখতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডা. জাহেদ উর রহমান।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও জ্ঞানমূলক বই পড়ার আগ্রহ ফিরিয়ে আনা।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্রের দীর্ঘ চার দশকের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ডিজিটাল যুগে বইয়ের গুরুত্ব হ্রাস পাওয়ার চ্যালেঞ্জগুলো আলোচনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের এই সংকল্পবদ্ধ উদ্যোগের ফলে স্কুল-কলেজের লাইব্রেরিগুলো পুনরায় প্রাণবন্ত হয়ে উঠবে। বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন আমলারাও উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ