খুলনা | শুক্রবার | ২৪ এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩

জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়াও আবার কমবে, জানালেন মন্ত্রী

বাসের ভাড়া বাড়লো কিলোমিটারে ১১ পয়সা

খবর প্রতিবেদন |
০২:৫১ এ.এম | ২৪ এপ্রিল ২০২৬


ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। নতুন এই ভাড়া বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে। 
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার বাসের ভাড়া সমন্বয় করলো। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রী এ কথা বলেন। জ্বালানি তেলের দাম বাড়া-কমার সঙ্গে পরবর্তী সময় বাসভাড়া সমন্বয় করা হবে বলেও তিনি জানান।
ঢাকা-চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া ২ টাকা ৪২ থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আন্তজেলার বাসে ২ টাকা ১২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা। 
এছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার ক্ষেত্রে ২ টাকা ৩২ পয়সা ভাড়া ছিল। অর্থাৎ ঢাকা ও ঢাকার আশপাশের এলাকার এই ভাড়া ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া যা আগে ছিল, সেটাই আছে ১০ টাকা।
এই হিসাবে ঢাকা-চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া ৪.৫ শতাংশ, আন্তজেলায় ৫.১ শতাংশ ও ডিটিসিএ এলাকায় ৪.৭ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নেতৃত্বাধীন বাসভাড়া পুনঃনির্ধারণ কমিটি বাসভাড়া কিলোমিটার প্রতি ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব করে। সেটি ১১ পয়সা বাড়ানো হলো।
বাসভাড়া বাড়ানোর কারণ হিসেবে ডিজেলের দাম বাড়ার কথা বলেন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরকার দীর্ঘসময় জ্বালানির দাম না বাড়ানোর চেষ্টা করেছিল । কিন্তু শেষ পর্যন্ত ডিজেলে প্রতি লিটারে প্রায় ১৫ টাকা বাড়াতে হয়েছে। এর প্রভাব পড়েছে পরিবহন খাতে। ফলে ভাড়া সমন্বয়ের দাবি উঠেছে। এ বিষয়ে পরিবহন মালিক, সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং ভোক্তা প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলভাড়া ও লঞ্চভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি সরকারের বিবেচনায় নেই বলে জানান মন্ত্রী।
বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি : ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করেছে সরকার। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বর্তমান পরিচালনা ব্যয় বিবেচনায় নিয়ে এই মূল্য বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই ভাড়ার হার আজ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪(২)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ডিজেলচালিত বাস ও মিনিবাসের এই ভাড়া সমন্বয় করেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন রুটে ভাড়ার হার যেভাবে পরিবর্তিত হচ্ছে:
ঢাকা ও চট্টগ্রাম মহানগরী: এই দুই মহানগরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.৪২ টাকার স্থলে ২.৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তঃজেলা ও দূরপাল্লা: দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.১২ টাকা থেকে বাড়িয়ে ২.২৩ টাকা করা হয়েছে।
ডিটিসিএ এলাকা: ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলাগুলোর (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.৩২ টাকার স্থলে ২.৪৩ টাকা করা হয়েছে।
তবে ঢাকা মহানগরীতে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং চট্টগ্রামে ৮ টাকা বহাল থাকবে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নতুন এই ভাড়ার হার কোনো ভাবেই গ্যাসচালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা অবশ্যই প্রদর্শন করতে হবে। এ ছাড়া আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে বিন্যাস করা হলে ভাড়ার হার আনুপাতিকভাবে পুনঃনির্ধারণ করে নিতে হবে।
এর আগে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত রয়েছে বাসভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।
এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে।
উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এর আগে সবশেষ ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল।
গত ২২ এপ্রিল সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নতুন বাস ভাড়া নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানিয়েছিলেন, সভায় পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হয়নি। বাস-ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে।
এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। স¤প্রতি ডিজেলে লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও সামগ্রিক যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে।
এ অবস্থায় পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনঃনির্ধারণ করতে সরকারের প্রতি আহŸান জানিয়েছিল পরিবহন নেতারা।

প্রিন্ট

আরও সংবাদ