খুলনা | শুক্রবার | ২৪ এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩

খুবিতে ‘স্বেচ্ছামৃত্যুর পাঠবৃত্ত’ শীর্ষক সেমিনারে বক্তারা

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদারের আহবান

খবর বিজ্ঞপ্তি |
০৩:০৬ এ.এম | ২৪ এপ্রিল ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের উদ্যোগে ‘স্বেচ্ছামৃত্যুর পাঠবৃত্ত’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩নং একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে ‘কথা হোক বিস্তর: উপভোগ্য হোক জীবন নামক অবিকল্প উপহার’ প্রতিপাদ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে মূল বক্তব্য তুলে ধরেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডাঃ মামুন হুসাইন। 
এছাড়া তিনি আত্মহত্যা প্রসঙ্গে বিশ্বের খ্যাতিমান লেখক, কবি ও দার্শনিকদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের মানসিক জটিলতাও বেড়েছে, যা অনেক ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে ব্যক্তি, পরিবার ও সমাজ-সবার সম্মিলিত সচেতনতা এবং সহমর্মিতার বিকল্প নেই।
বাংলা ডিসিপ্লিনের প্রধান এবং কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ দুলাল হোসেন এর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ মোঃ রজিকুল ইসলাম। অনুষ্ঠানে কী-নোট স্পিকারকে ডিসিপ্লিনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ১ম বর্ষের শিক্ষার্থী অনুসূয়া মন্ডল ও ঋত্তিকা কর্মকার। এ সেমিনারে বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ