খুলনা | শুক্রবার | ২৪ এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩

টানা তিন সিরিজ জয়ে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের স্বস্তি

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৩১ পি.এম | ২৪ এপ্রিল ২০২৬

 

ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে বেশ খানিকটা স্বস্তিতে বাংলাদেশ। টানা তিন সিরিজ জয়ে র‌্যাঙ্কিংয়েও মিলেছে স্বস্তি। নয় নম্বরে নিজেদের জায়গা পোক্ত করার পাশাপাশি দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুরত্বও বাড়িয়েছে বাংলাদেশ। ধারাবাহিক পারফরম্যান্সে সরাসরি বিশ্বকাপ খেলাটাও হাতের মুঠোয় আসতে শুরু করেছে।

২০০৬ সালের পর গত বছর প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দশে নেমে যায় বাংলাদেশ। ১৯ বছর পর আবারও দশে নামায় সমর্থকদের মাঝে হাহাকারও দেখা যায়। একটা সময় ৫০ ওভারের ক্রিকেটে নতুন পরাশক্তি হয়ে ওঠা বাংলাদেশ একদম খাদের কিনারা চলে আসে। আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৭ সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে সরাসরি খেলতে হলে সেরা আটে থাকতে হবে।

বর্তমান র‌্যাঙ্কিং অনুযায়ী, ৫ নম্বরে সাউথ আফ্রিকা ও ১১ নম্বরে অবস্থান করছে জিম্বাবুয়ে। নাটকীয় কিছু না হলে সেই র‌্যাঙ্কিংয়ে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। যার ফলে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত সেরা নয়ে থাকতে পারলেই বিশ্বকাপের টিকেট পাওয়া যাবে। খাদের কিনারায় দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে হারিয়ে নয়ে উঠে বাংলাদেশ।

মিরাজের দলের সামনে সুযোগ ছিল নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ৬ পয়েন্ট অর্জন করার। কিউইরা দুইয়ে থাকায় প্রতি ম্যাচ জয়ের জন্য বাংলাদেশের পাওয়ার সুযোগ ছিল দুই পয়েন্ট করে। দুইটি ম্যাচ জেতায় চারটি মহাগুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছে টাইগাররা। ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশের পয়েন্ট এখন ৮৩। তাতে নয় নম্বরে নিজেদের জায়গাটা আরও পোক্ত হয়েছে।

আগের মতো এখনো দশেই আছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ৭৭। অর্থাৎ বাংলাদেশ তাদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছে। মিরাজদের পরবর্তী সিরিজ অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে। আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দুই দলই শীর্ষ পর্যায়ে থাকায় ম্যাচ হারলেও বাংলাদেশের পয়েন্টের খুব বেশি হেরফের হবে না। তবে জিততে পারলে লম্বা লাফ দেওয়ার সুযোগ থাকবে।

এমনকি আটেও ওঠার সম্ভাবনা উঁকি দেবে। নয়ে জায়গাটা পোক্ত হওয়ায় মিরাজের কণ্ঠেও খানিকটা স্বস্তির ছাপ পাওয়া গেল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বিশ্বকাপে কোয়ালিফাই করার পাশাপাশি ভালো ক্রিকেট খেলাকেও গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি এও বিশ্বাস করেন, ক্রিকেটাররা যদি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেন তাহলে আরও উপরে যাওয়া সম্ভব।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘দেখুন— অবশ্যই বিশ্বকাপে কোয়ালিফাই করাটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আমাদের ভালো ক্রিকেট খেলাটাও গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো ক্রিকেট না খেলতে পারি তাহলে ওইটা করতে পারব না। ওইটা (বিশ্বকাপে কোয়ালিফাই) একটা রেজাল্ট আর প্রক্রিয়া হলো ভালো ক্রিকেট খেলা।’

‘আমরা যদি পারফর্ম করতে পারি, ম্যাচ বাই ম্যাচ জিততে পারি এবং সবাই যদি আত্মবিশ্বাসী থাকি তাহলে আমার কাছে মনে হয় ওইখানে যাওয়া সম্ভব। আপনি যেই জিনিসটা বললেন সেরা নয়ের ভেতরে থাকা...আমরা যদি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারি আমার মনে হয় সেরা নয় না আমরা আরও অনেক উপরে যেতে পারি। তখন সেটা আমাদের দলের জন্য বাড়তি একটা সুবিধা থাকবে।’

প্রিন্ট

আরও সংবাদ