খুলনা | শুক্রবার | ২৪ এপ্রিল ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩

বর্তমান সরকার ক্রমশই ব্যর্থতার দিকে যাচ্ছে: নাহিদ ইসলাম

খবর প্রতিবেদন |
০৬:২৬ পি.এম | ২৪ এপ্রিল ২০২৬

 

বর্তমান সরকার ক্রমশই ব্যর্থতার দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম দাবি করেন, এনসিপির নেতৃত্বে দেশের সাধারণ মানুষ আবারও তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হবে। নবযোগদানকারীরাও দেশ ও মানুষের অধিকার রক্ষায় এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঐতিহাসিক সংগ্রামের ভেতর থেকে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল এনসিপি। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশে পরিবর্তন ও সংস্কারের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই লক্ষ্যেই এনসিপি দেশকে ঢেলে সাজাতে চেয়েছিল।

তিনি বলেন, নির্বাচনের সময় আমরা জনগণকে কমিটমেন্ট করেছিলাম—এটি কোনো সাধারণ নির্বাচন নয়, এটি দেশ পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কারণ, এই নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর সরকার গঠনের পর সেই গণভোটকে অস্বীকার করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের লেগেসি থেকে এই নির্বাচনকে বিচ্ছিন্ন করে একটি সাধারণ ক্ষমতা পরিবর্তনের নির্বাচনে পরিণত করেছে। সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো একে একে বাতিল করা হচ্ছে।

তিনি বলেন, সারা দেশ থেকেই দলটির প্রতি অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। আমরা একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে তুলতে চাই, যা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে, কর্মসংস্থান নিশ্চিত করবে, বৈষম্য দূর করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

অনুষ্ঠানে বিএনপির বহিষ্কৃত নেতা ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। এদিন এনসিপিতে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছেন শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল। এ ছাড়া রেলের দুর্নীতিবিরোধী আন্দোলনের পরিচিত মুখ ও অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি দলটিতে যোগ দেন। এনসিপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।

যোগদান শেষে ইসহাক সরকার বলেন, বর্তমান সরকার যদি আবারও ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়, তবে আমরা রাজপথে নেমে আসব। এনসিপির মাধ্যমেই মানুষ নিরাপদ থাকবে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে বলে আমার বিশ্বাস।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। তারা যে পরিবর্তনের পক্ষে, তা বিভিন্নভাবে প্রমাণিত। জনগণের অধিকার যদি ভূলুণ্ঠিত করতে চান, তবে আমরা আবারও রাজপথে নামব।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ