খুলনা | শনিবার | ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩

ফ্রান্সের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি সিনেমা ‘আনসিন’

খবর বিনোদন |
০৬:৩৭ পি.এম | ২৪ এপ্রিল ২০২৬


ফ্রান্সের অন্যতম জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা নিকন চলচ্চিত্র উৎসবের ১৬তম আসরে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে অফিসিয়াল সিলেকশন পেয়েছে নির্মাতা সৈয়দ সাহিলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনসিন’।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া প্রায় ৬ হাজার চলচ্চিত্রের মধ্যে প্রথম ধাপেই ২ হাজার ৫১১টি সিনেমার শর্টলিস্টে জায়গা করে নেয় ‘আনসিন’। পরে দর্শক ভোটের জন্য চলচ্চিত্রগুলো উন্মুক্ত করা হলে ব্যাপক সমর্থনে ১ হাজার ১৫৮টি শর্ট ফিল্মের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে এটি।

এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ছিল ‘বিউটি’ বা সৌন্দর্য।

নির্মাতা সাহিল তার চলচ্চিত্রে প্রচলিত দৃশ্যমান সৌন্দর্যের বাইরে মানবিক আবেগ, অনুভূতি এবং অদৃশ্য বাস্তবতাকে তুলে ধরেছেন।

নির্মাতার কথায়, ‘আনসিন’-এর মাধ্যমে এমন এক সৌন্দর্য খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে, যা চোখে দেখা যায় না। যে অনুভূতিগুলো আমরা প্রায়ই উপেক্ষা করি এবং যেসব মানুষকে আমরা প্রকৃত অর্থে দেখতে পাই না।

প্যারিসে নির্মিত এই চলচ্চিত্রটির সংলাপ সম্পূর্ণ ফরাসি ভাষায় হলেও আন্তর্জাতিক দর্শকদের জন্য এতে ইংরেজি সাবটাইটেল যুক্ত করা হয়েছে।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সাবরিনা ইসলাম। এতে অভিনয় করেছেন ফরাসি শিল্পী জঁ-লুক জ্যাকো, জুলিয়েট পিরোত্তে, এলিজাবেথ সেলেম এবং বাংলাদেশি অভিনেতা ইমতিয়াজ রনি।

জানা গেছে, বর্তমানে ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আনসিন’ জমা দেওয়া হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ