খুলনা | শনিবার | ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩

হকিতে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৫ এ.এম | ২৫ এপ্রিল ২০২৬


বাংলাদেশের হকির দীর্ঘ ইতিহাস থাকলেও নারী হকিতে এতদিন কোনো সিনিয়র জাতীয় দল ছিল না। সেই আক্ষেপ ঘুচিয়ে এশিয়ান গেমস হকি টুর্নামেন্টের বাছাইপর্বে প্রথমবার খেলতে নেমেই ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা।
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চাইনিজ তাইপের বিপক্ষে ড্র দিয়ে যাত্রা শুরুর পর, শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই দারুণ লড়েছে বাংলাদেশ। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন শারিকা রিমন। যদিও পরের মিনিটেই উজবেকিস্তানের মাদিনাবানু খুজায়েভা গোল শোধ করে সমতা ফেরান। তবে ২৪ মিনিটে কনা আক্তারের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর রিয়া পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল করলে ব্যবধান ৩-১ হয়। চতুর্থ কোয়ার্টারের শুরুতে উজবেকিস্তান একটি গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও, শেষ ১৪ মিনিট দারুণ রক্ষণাত্মক কৌশলে খেলে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখা আইরিন আক্তার রিয়া হয়েছেন ম্যাচ সেরা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে প্রথম গোলটিও এসেছিল তার ব্যাট থেকেই। টানা দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর রিয়া জানান, “আজকের খেলায় সেরা খেলোয়াড় হতে পেরে আমি অনেক খুশি। দলের সবার সম্মিলিত সহযোগিতার কারণেই আমি এই পর্যায়ে আসতে পেরেছি।”
এই জয়ে ‘এ’ গ্র“পে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। গ্র“প চ্যাম্পিয়ন বা রানার্স আপ হতে পারলেই মিলবে সেমিফাইনালের টিকিট। আর সেমিফাইনালিস্ট চার দলই সরাসরি জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে।
টুর্নামেন্টের সুবিধাজনক অবস্থানে থাকায়, রোববার গ্র“পের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে একটি ড্র করলেই এশিয়ান গেমস নিশ্চিত করতে পারবে বাংলাদেশ। এখন পুরো দেশ তাকিয়ে আছে বাংলার নারী হকিস্টাদের দিকে।

প্রিন্ট

আরও সংবাদ