খুলনা | শনিবার | ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩

বিএনপি’র বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, শেরে বাংলার নাতনিসহ কয়েকজন এনসিপিতে

সারাদেশে নির্বাচনের প্রস্তুতি নিন, এনসিপি সমর্থন জানাবে : তরুণদের নাহিদ

খবর প্রতিবেদন |
০১:৩৯ এ.এম | ২৫ এপ্রিল ২০২৬


ক্ষমতাসীন বিএনপি সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এবারের স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির সমর্থনে তারুণ্যের শক্তির জয়জয়কার হবে বলে আশা প্রকাশ করে সারাদেশের তরুণদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আপনারা সারাদেশে নির্বাচনের প্রস্তুতি নিন। এনসিপি আপনাদের সমর্থন জানাবে।’
শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) এক অনুষ্ঠানে অংশ নিয়ে নাহিদ ইসলাম এ কথা বলেন। বিএনপি’র বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবালসহ কয়েকজনের এনসিপিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এনসিপির আহŸায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় নির্বাচনে সরকার গঠিত হওয়ার পর নির্বাচিত সরকার গণভোটকে অস্বীকার করল। এই নির্বাচনকে জুলাই গণ-অভ্যুত্থানপরবর্তী ‘লিগ্যাসি’ (উত্তরাধিকার) থেকে বিচ্ছিন্ন করে একটি সাধারণ ক্ষমতার পটপরিবর্তনের নির্বাচনে পরিণত করল। সংবিধান থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কারের অধ্যাদেশগুলো এই সরকার একে একে বাতিল করে দিচ্ছে। আবারও ব্যাংক লুটেরাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে, নানাভাবে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়গুলোতে পেশিশক্তির রাজনীতি, ক্ষমতার রাজনীতির দাপট আবার নতুন করে তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ, নতুন কোনো স্বৈরতন্ত্র বা পুরোনো স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে। জনগণ এনসিপির ছায়াতলেই ঐক্যবদ্ধ হবে। সেটার প্রমাণ আমরা একে একে পাচ্ছি। আমরা সারা দেশ থেকেই অভূতপূর্ব সাড়া পাচ্ছি।’
এনসিপি সারাদেশে কাজ করে যাচ্ছে উল্লেখ করে দলটির আহŸায়ক নাহিদ বলেন, ‘প্রতি সপ্তাহেই আমাদের যোগদান কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা সারাদেশের রাজনীতিসচেতন মানুষ ও তরুণদের আমরা আহŸান জানাচ্ছি, আমাদের সবার দায়িত্ব রয়েছে। এই দেশকে আমরা আর বিপথে যেতে দিতে পারি না। আপনারা যাঁরা রাজনীতি করতে চান, দেশে পরিবর্তনের স্বপ্ন দেখছেন, আপনারা ঐক্যবদ্ধ হোন। এনসিপি আপনাদের ধারণ করে সামনের দিকে এগোতে চায়।’
বর্তমান সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে যাচ্ছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল, দেশের গণতন্ত্র নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলার নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সেই জায়গায় ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে না দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ।’
যোগদান : বিএনপি’র বহিষ্কৃত নেতা ইসহাক সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। এ ছাড়া অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল (ফ্লোরা), কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও আওয়ামী লীগ সরকারের আমলে রেলের অনিয়ম নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিও এনসিপিতে যোগ দিয়েছেন।
শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) এক অনুষ্ঠানে তাঁরা এনসিপিতে যোগ দেন। ‘রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান’ শীর্ষক এ অনুষ্ঠানে এনসিপির আহŸায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। ফেরসামিন বিদেশে থাকায় অনুষ্ঠানে সশরীর উপস্থিত থাকতে পারেননি। অন্যরা অনুষ্ঠানের মঞ্চে ছিলেন। নাম ঘোষণার পর ইসহাক সরকার, নুরুজ্জামান কাফি ও মহিউদ্দিন রনিকে ফুল দিয়ে বরণ করে নেন নাহিদ ইসলাম।

প্রিন্ট

আরও সংবাদ