খুলনা | রবিবার | ২৬ এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩

মালির প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত

খবর প্রতিবেদন |
০৬:১২ পি.এম | ২৬ এপ্রিল ২০২৬

 

মালিতে বিভিন্ন সামরিক স্থাপনায় একযোগে চালানো ভয়াবহ হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) আলজাজিরাকে দেওয়া সংশ্লিষ্ট সূত্রের তথ্যের ভিত্তিতে এই সংবাদ নিশ্চিত করা হয়েছে।

গত শনিবার আলকায়েদার একটি সহযোগী সংগঠন এবং তুয়ারেগ বিদ্রোহীদের চালানো এই সমন্বিত হামলার সময় এ ঘটনা ঘটে। তখন কাতি শহরের গ্যারিসন টাউনে অবস্থিত কামারার বাসভবনে হামলা হয়। রোববার তার মৃত্যুর খবরটি প্রকাশ্যে আসে।

২০২০ ও ২০২১ সালে পর পর দুটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সামরিক সরকারের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন কামারা। আল-জাজিরার প্রতিনিধি নিকোলাস হক জানান, কামারা ক্ষমতাসীন সামরিক নেতৃত্বের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন । অনেকের কাছে তিনি মালির ভবিষ্যৎ নেতা হিসেবে বিবেচিত হতেন।

রাজধানী বামাকো থেকে প্রায় ১৫ কি.মি. উত্তর-পশ্চিমে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত সামরিক শহর কাতিতে কামারার বাসভবনে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়। এর পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীগুলো রাজধানী বামাকোসহ উত্তরের গাও, কিদাল এবং মধ্যাঞ্চলীয় সেভারে শহরেও হামলা চালায়।

কিদালের বাসিন্দারা এখনও ভারি গোলাবর্ষণ ও বিস্ফোরণের শব্দ পাচ্ছেন বলে জানা গেছে। অভিযান শুরু হওয়ার ২৪ ঘণ্টা পরেও পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।

এই আকস্মিক ও ব্যাপক সহিংসতার কারণে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসমি গোইতা প্রবল চাপের মুখে পড়েছেন। বিশ্লেষকদের মতে, এই হামলার ভয়াবহতা ও ব্যাপকতা কর্তৃপক্ষকে অপ্রস্তুত অবস্থায় ফেলেছে। তবে আলজাজিরা নিশ্চিত করেছে যে, প্রেসিডেন্ট গোইতা নিরাপদ ও সুস্থ আছেন। হামলার পরপরই তাকে একটি সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তিনি এখনও সামরিক বাহিনীর কমান্ডে রয়েছেন। মালির নিরাপত্তা পরিস্থিতির এই চরম অবনতি দেশটির রাজনৈতিক স্থিতিশীলতাকে নতুন করে সংকটে ফেলেছে।

প্রিন্ট

আরও সংবাদ