খুলনা | সোমবার | ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩

খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় মামলা : আসামিরা চিহ্নিত, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিবেদক |
০১:১২ পি.এম | ২৭ এপ্রিল ২০২৬

 

খুলনা প্রেসক্লাবে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় রাতভর পুলিশ অভিযান চালালেও কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি।

রোববার (২৬ এপ্রিল) রাতে প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামিরা হলেন- রিপন আকন, গাউস, হালিম ও মিজান।

বাদী তার এজাহারের উল্লেখ করেছেন, সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ খুলনা প্রেসক্লাবে প্রবেশ করে। এ সময় তারা কয়েকজন সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তাদের মারপিট করে। এ ঘটনায় উল্লিখিত ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও খুলনা থানার এসআই বিশ্বজিৎ বসু বলেন, মধ্যরাতে মামলাটি রুজু হয়। পরে আমাকে তদন্তভার দেওয়া হয়। রাতভর বিভিন্নস্থানে অভিযান চালানো হয়েছে। কিন্তু আসামিদের কাউকে এ পর্যন্ত আমরা গ্রেপ্তার করতে পারিনি। তবে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে আমরা সিসি ফুটেজ সংগ্রহ করেছি। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাতভর তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে।

এদিকে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সংবাদকর্মীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ। তারা জানান, প্রেসক্লাবের মতো একটি নিরাপদ স্থানে হামলা মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান।

এর আগে, রোববার খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে সভাপতি প্রার্থী সাংবাদিক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে। তখন এখন টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তার ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এদিকে খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

বিএফইউজে সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন জানান, বহিরাগত সন্ত্রাসীরা কারও না কারও ইন্ধনে এ ঘটনাটি ঘটিয়েছে। যেটা প্রেসক্লাবের জন্য একটা ন্যক্কারজনক ইতিহাস। যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের খুঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থা এবং আইনি পদক্ষেপের আহ্বান জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ