খুলনা | সোমবার | ২৭ এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী

শুধু চিকিৎসা নয়, রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও শক্তিশালী করতে হবে

খবর প্রতিবেদন |
০৫:২৪ পি.এম | ২৭ এপ্রিল ২০২৬

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।’

সোমবার (২৭ এপ্রিল) যশোর মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সুস্থ ও সবল জাতি গঠনের জন্য সরকার নিরলস কাজ করছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে চিকিৎসাসেবা আরো বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘বিশ্বজুড়ে চিকিৎসাসেবা অত্যন্ত ব্যয়বহুল। তাই শুধু চিকিৎসা নয়, রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও শক্তিশালী করতে হবে। রোগীর সংখ্যা ধীরে ধীরে কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাইভেটে ভর্তি রোগীরা সরকারের খরচে চিকিৎসা পাবেন। আগামী দুই-তিন মাসের মধ্যেই এ পদ্ধতি আমরা চালু করতে চাই। এতে সরকার সবার চিকিৎসার ব্যবস্থা করতে পারবে এবং একটি সুস্থ জাতি গঠনে তা সহায়ক হবে।’

তিনি বলেন, ‘যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ যখন শেষ হবে, স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে ৫০০ রোগীর ব্যান্ডেজ, ওষুধ বা অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে। হয়তো দেখা যাবে রোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে; কিন্তু সরকারেরও একটি নির্দিষ্ট সক্ষমতা আছে। এ জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি, রোগ প্রতিরোধের ওপর জোর দেব। বড় বড় অসুখ থেকে কীভাবে দূরে থাকা সম্ভব, সে বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করব।’

প্রধানমন্ত্রী আরো ঘোষণা দেন, ‘দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাদের ৮০ শতাংশই নারী। তারা সারা দেশে কাজ করবেন এবং বিশেষ করে পরিবারের নারী সদস্যদের খাদ্যের গুণগত মান ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ দেবেন। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে রোগ প্রতিরোধ সম্ভব।’

এর আগে প্রধানমন্ত্রী শার্শার উলাশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে যশোর মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে পৌঁছান এবং বোতাম টিপে হাসপাতাল নির্মাণকাজের আনুষ্ঠানিক শুরু করেন।

এ সময় মন্ত্রী পরিষদের সদস্য, স্থানীয় সংসদ সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ