খুলনা | মঙ্গলবার | ২৮ এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩

একই সিনেমায় দুই রণবীর! তুমুল জল্পনা বলিউডে

খবর বিনোদন |
০৩:৪৫ পি.এম | ২৮ এপ্রিল ২০২৬


রণবীর কাপুর এবং রণবীর সিং। বলিউডের এ সময়ের দুই আলোচিত অভিনেতা। তাদের দুজনকে যদি একই সিনেমায় আনা হয় তবে সেই বিস্ফোরণ ঠিক কতটা জোরালো হতে পারে? টিনসেল টাউনের অন্দরে কান পাতলে এখন একটাই আলোচনা-কবে এক ছবিতে দেখা যাবে বলিউডের এই দুই তারকাকে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জল্পনার আগুনে ঘি ঢেলেছেন নামী কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা । তার দাবি, এই দুই অভিনেতা একসঙ্গে কাজ করলে তা হবে দেশের ‘সবচেয়ে বড় ছবি’। কবে আসবে সেই ছবি?

মুকেশ ছাবরা বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন তার সাম্প্রতিক প্রজেক্ট ‘ধুরন্ধর’ এবং বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ নিয়ে। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ মুক্তির আগে কম নেতিবাচকতার মুখে পড়েনি। ভুল রিভিউ থেকে শুরু করে স্ক্রিনিং বাতিলের খবর- সব মিলিয়ে এক অস্থির পরিবেশ তৈরি হয়েছিল। এমনকি ইয়ামি গৌতম ধর পর্যন্ত এই ‘পেইড নেগেটিভিটি’র বিরুদ্ধে সরব হয়ে বিষয়টিকে তোলাবাজির সঙ্গে তুলনা করেছিলেন। মুকেশের কথায়, ‘মানুষ ছবি না দেখেই বিচার করতে শুরু করেন। এই ট্রোল সংস্কৃতি এখন ক্রমশ বাড়ছে ঠিকই, কিন্তু ভালো ছবিকে কেউ আটকে রাখতে পারে না।’

অন্যদিকে, ‘রামায়ণ’ নিয়েও নেটপাড়ায় চর্চার শেষ নেই। টিজার আসার পর থেকেই ভিএফএক্স এবং কাস্টিং নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। রণবীর কাপুর বা সাই পল্লবীকে দর্শক কতটা মেনে নেবেন, তা নিয়ে প্রশ্ন উঠলেও মুকেশ কিন্তু আত্মবিশ্বাসী। তাঁর মতে, ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর পর এই দুটি ছবিতেই কাস্টিং করা ছিল তার জীবনের অন্যতম কঠিন চ্যালেঞ্জ। ‘ধুরন্ধর’ যেমন মুক্তির পর সব নেতিবাচক সমালোচনাকে তুড়িতে উড়িয়ে দিয়েছে, ‘রামায়ণ’ নিয়েও তিনি তেমনই আশাবাদী।

তবে সব ছাপিয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দুই রণবীরের জুটি। মুকেশ ছাবরার মতে, রণবীর কাপুর এবং রণবীর সিং- দুজনেরই অভিনয়ের ধরন আলাদা, কিন্তু দুজনেই তুখোড় প্রতিভাশালী অভিনেতা। দর্শকদের মধ্যে তাদের নিয়ে রেষারেষি থাকলেও, মুকেশ চান তারা একসঙ্গে একটি দুর্দান্ত কাজ করুন। যদি কখনও এই দুই মহাতারকা একই স্ক্রিন শেয়ার করেন, তবে তা ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন তিনি।

প্রিন্ট

আরও সংবাদ