খুলনা | মঙ্গলবার | ২৮ এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ এবার তাহলে রিয়াল মাদ্রিদের কোচ

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৪৭ পি.এম | ২৮ এপ্রিল ২০২৬


বিশ্বকাপ শেষেই রিয়াল মাদ্রিদের কোচ পরিবর্তন হওয়া অনেকটাই নিশ্চিত। কিন্তু কে হবেন কোচ, তা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। সেই তালিকায় আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিও।

স্পেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী রিয়ালের পরবর্তী  কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে স্কালোনি। ‘কাদেনা কোপ’ কে স্প্যানিশ সাংবাদিক মানোলো লামা জানিয়েছেন, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচের সঙ্গে যোগাযোগ করেছে রিয়াল মাদ্রিদ। 'এল টারটুলিয়ন' প্রোগ্রামে লামা বলেন, ‘স্কালোনির সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। এটুকু নিশ্চয়তা দিতে পারি।’

স্কালোনির সম্ভাব্য কোচ হওয়ার খবর তখনই এল, যখন রিয়ালের ট্রফিবিহীন মৌসুম শেষ করা এক রকম নিশ্চিত। স্প্যানিশ সুপার কাপে রানার্সআপ হয়েছে। কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে লস ব্লাঙ্কোসরা। লা লিগার শিরোপা জয়ের সম্ভাবনাও এক রকম শেষ। ৩৩ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৪। তারাও খেলেছে ৩৩ ম্যাচ।

এদিকে স্কালোনির অধীনে গত পাঁচ বছরে চারটি মেজর শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ২০২১ ও ২০২৪ সালে দুইবার কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা ও ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আলবিসেলেস্তেরা। এই চার শিরোপাজয়ী দলে ছিলেন লিওনেল মেসি। ২০২২ কাতার বিশ্বকাপ জিতে মেসির যেমন আজন্মলালিত স্বপ্নপূরণ হয়েছে, তেমনি আর্জেন্টিনা ৩৬ বছর পর জিতেছে বিশ্বকাপের শিরোপা। মেসি একসময় স্কালোনির সতীর্থ ছিলেন।

আলভারো আরবেলোয়ার প্রধান কোচের চাকরি প্রায় চলেই গেল। রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ কে হতে পারেন, তা নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। এমনকি সাবেক কোচ জোসে মরিনিওর নামও শোনা যাচ্ছে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশমও হতে পারেন রিয়াল কোচ।

আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির চুক্তি ২০২৬ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত। আপাতত তাঁর মনোযোগ বিশ্বকাপ ঘিরেই। এবার দলটি নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ২৩তম আসর।

প্রিন্ট

আরও সংবাদ