খুলনা | মঙ্গলবার | ২৮ এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩

গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা, ‘হুমকি নেই’ বলছে র‍্যাব

খবর প্রতিবেদন |
০৫:১১ পি.এম | ২৮ এপ্রিল ২০২৬

 

নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতা পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সব জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে র‍্যাব বলছে, বর্তমানে কোনো তাৎক্ষণিক হুমকি বা আশঙ্কা তারা দেখছে না। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় তাদের মোতায়েন ও নজরদারি কার্যক্রম জোরদার রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—আব্দুর রহমান ওরফে রহমত উল্লাহ (৪২), মনিরুল ইসলাম ওরফে রাডার মনির (৪৯), মো. নুর হোসেন (৫০), আল আমিন ওরফে ফাটা আল আমিন (২৪) এবং মো. সুর নবী (১৯)।

র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার জানান, অভিযানে তিনটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, দুটি চাপাতি এবং ১ লাখ ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া একই রাতে মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

খালিদুল হক হাওলাদার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মোহাম্মদপুর ও পল্টন এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, নিউ মার্কেট ও শেরে বাংলা নগর এলাকায় ২৪টি টহল টিম তিন শিফটে দায়িত্ব পালন করছে। মোটরসাইকেল টহলের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, গুরুত্বপূর্ণ সরকারি ও জনস্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সমন্বয় করে কাজ চলছে।

তিনি বলেন, আমরা যেকোনো ধরনের ঝুঁকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। তবে এই মুহূর্তে বড় ধরনের কোনো হুমকি দেখছি না। তবুও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ