খুলনা | শুক্রবার | ১৫ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

এসএসসির চতুর্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯

খবর প্রতিবেদন |
০৬:২১ পি.এম | ২৮ এপ্রিল ২০২৬

 

এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে আজ মঙ্গলবার সারা দেশে ৩২ হাজার ৩৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই দিনে নকল ও অসদুপায় অবলম্বন করায় ৪৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১৬ হাজার ১৮৪ জন এসএসসি পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৩ হাজার ১৪৪ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৬৪ জন।

চতুর্থ দিনের পরীক্ষায় সাধারণ বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র এবং ভোকেশনালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও আরবি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কঠোর নজরদারি ও সিসিটিভি ব্যবস্থার মধ্যেও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪৯ জনকে বহিষ্কার করা হয়। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ২৪ জন, মাদ্রাসা বোর্ডে ২৪ জন এবং কারিগরি বোর্ডে একজন পরীক্ষার্থী রয়েছে।

আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ১০ হাজার ৮০ জন। এর মধ্যে অংশ নেয় ১১ লাখ ৯৩ হাজার ৮৯৬ জন।

বোর্ডভিত্তিক তথ্য বলছে, ঢাকা বোর্ডে ৩ লাখ ৮ হাজার ৬৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৭৩৯ জন অনুপস্থিত ছিল এবং ৭ জন বহিষ্কৃত হয়েছে। রাজশাহী বোর্ডে অনুপস্থিত ২ হাজার ১৪৩ জন। কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৭২ জন, বহিষ্কার ১ জন।

যশোর বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৫৭ জন ও বহিষ্কার ২ জন, চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৬১৯ জন ও বহিষ্কার ১ জন। সিলেট বোর্ডে অনুপস্থিত ৮৮৭ জন ও বহিষ্কার ২ জন।

বরিশাল বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৬১৩ জন ও বহিষ্কার ৬ জন। দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৬২৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ১ হাজার ১২৮ জন, বহিষ্কার ৫ জন।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৫৩ হাজার ৮৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২ লাখ ৪০ হাজার ৭৩২ জন। অনুপস্থিত ছিল ১৩ হাজার ১৪৪ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ১৪ হাজার ৩৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ১১ হাজার ২৮৭ জন। অনুপস্থিত ছিল ৩ হাজার ৬৪ জন।

প্রিন্ট

আরও সংবাদ