খুলনা | বুধবার | ২৯ এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত

খবর প্রতিবেদন |
১১:১৬ পি.এম | ২৮ এপ্রিল ২০২৬


রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

নিহত খন্দকার নাঈম আহমেদ টিটন শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমনের শ্যালক বলে জানা গেছে। নিহত টিটন একজন শীর্ষ সন্ত্রাসী। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। টিটন রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার বাসিন্দা।

গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা এক শিক্ষার্থী মো. মেজবাহ রহমান বলেন, রাত ৮টার দিকে বটতলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। দুইজন মোটরসাইকেলে করে এসে ওই ব্যক্তিকে লক্ষ্য করে কয়েকটি গুলি করেন। তখন গুলিবিদ্ধ ব্যক্তি রাস্তায় পড়ে যান। তখন আশপাশের লোকজন মিলে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে লোকজনদেরও ভয় দেখানোর জন্য গুলি ছোঁড়ে। তারা দুজনেই ক্যাপ ও মাস্ক পরিহিত ছিলেন।

নিউ মার্কেট থানার ওসি মো.আইয়ুব বলেন, রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় একজনকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে গিয়ে অনেক রক্ত দেখেছি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেন, “বিভিন্ন সূত্র থেকে প্রাথমিকভাবে জেনেছি নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন। আমরা আরও নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছি।”

পুলিশের কর্মকর্তারা বলছেন, চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর টিটনসহ পুলিশের তালিকায় থাকা আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে বেরিয়ে আসেন। এরপর টিটন আর আদালতে হাজিরা দেননি।

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০১ সালে যে পুলিশ যে ২৩ ‘শীর্ষ সন্ত্রাসীর’ তালিকা ২ নম্বরে টিটনের নাম ছিল। তার ভগ্নিপতি আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমন। তারা দুজনই মোহাম্মদপুরের ‘সন্ত্রাসী চক্র’ হারিছ-জোসেফ গ্রুপে যুক্ত ছিলেন। টিটনের তৎপরতা ছিল ধানমণ্ডি ও হাজারীবাগ এলাকায়।

প্রিন্ট

আরও সংবাদ