খুলনা | বুধবার | ২৯ এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩

খুলনা প্রেসক্লাব ঘটনায় ৪ জনকে কারণ দর্শানো নোটিশ, বিএনপি’র ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি |
০২:০৫ এ.এম | ২৯ এপ্রিল ২০২৬


খুলনা প্রেসক্লাবে যাওয়া এবং প্রেসক্লাবের পক্ষ থেকে হামলার অভিযোগ তুলে থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়েরের ঘটনায় শ্রমিক দলের সংশ্লিষ্ট চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মহানগর শ্রমিক দল। একই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখতে মহানগর বিএনপি তিন সদস্যের শক্তিশালী একটি তদন্ত কমিটি গঠন করেছে। মঙ্গলবার মহানগর বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুর রশিদ মিরাজকে নিয়ে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন তদন্ত কমিটি গঠনের বিষয়ে পত্রে স্বাক্ষর করেন। 
অন্যদিকে, মহানগর শ্রমিক দলের আহবায়ক মজিবর রহমান এবং সদস্য সচিব শফিকুল ইসলাম শফি অভিযুক্ত চার জনকে কারণ দর্শানোর নোটিশে স্বাক্ষর করেছেন। আগামী ৩ দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলেছেন। 
এদিকে তদন্ত কমিটি গঠনের পরপরই সদর থানা শ্রমিকদলকে আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ