খুলনা | বুধবার | ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩

অবৈধ প্রবাসীদের সুখবর দিল রোমানিয়া

খবর প্রতিবেদন |
০২:৪২ পি.এম | ২৯ এপ্রিল ২০২৬

 

ইউরোপের দেশ রোমানিয়ায় অবস্থানরত অবৈধ বিদেশি কর্মীদের জন্য শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ তৈরি দিয়েছে দেশটির সরকার। নতুন এক জরুরি অধ্যাদেশের মাধ্যমে এই সুবিধা চালু করা হয়েছে, যা ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।

রোমানিয়ার সরকারি জরুরি অধ্যাদেশ নং–৩২ ও অফিসিয়াল গেজেট নং–৩৩৫-এ প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, রাজক্ষমা (এমনেস্টি) কর্মসূচির অনুচ্ছেদ–৫২-এর আওতায় নন-ইইউ দেশ থেকে আসা যেসব বিদেশি কর্মী বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েছেন, তারা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তাদের অবস্থান বৈধ করতে পারবেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক জরুরি ঘোষণার মাধ্যমে এসব তথ্য জানিয়েছে। দূতাবাস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এর ফলে রোমানিয়ায় অবৈধভাবে বসবাসরত বহু বাংলাদেশি কর্মী নতুন করে বৈধ হওয়ার সুযোগ পাবেন।

বিশেষ করে, যেসব কর্মী বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করার পর নিয়োগসংক্রান্ত জটিলতায় অবৈধ হয়ে পড়েছেন, তারা এই সুবিধার আওতায় আসবেন। যেমন— কোনো কর্মী ওয়ার্ক ভিসায় প্রবেশের পর যদি সংশ্লিষ্ট কোম্পানি তাকে চাকরি দিতে অস্বীকৃতি জানায় এবং ৯০ দিনের মধ্যে নতুন নিয়োগকর্তা খুঁজে না পান, তাহলে তিনি অবৈধ হয়ে যান। নতুন আইন তাদের জন্য পুনরায় বৈধ হওয়ার পথ খুলে দিয়েছে।

এছাড়া এমন ঘটনাও ঘটেছে, যেখানে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর বেতন থেকে কর কেটে রাখলেও তা সরকারকে জমা দেয় না বা সময়মতো টিআরসি (টিআরসি) আবেদন সম্পন্ন করে না। এসব কারণে অনেক কর্মী অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েন। নতুন এই ব্যবস্থায় তারাও সুযোগ পাবেন।

নির্দেশনা অনুযায়ী, ইতোমধ্যে অবৈধ হয়ে যাওয়া কর্মীদের আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে এজন্য অবশ্যই একটি নতুন বৈধ নিয়োগকর্তা খুঁজে নিতে হবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীনে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে এবং পরে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নতুন এই প্রক্রিয়া বাস্তবায়নের শুরুতে কিছু জটিলতা দেখা দিতে পারে। তাই প্রয়োজনে দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে সব অবৈধ ব্যক্তি এই সুবিধা পাবেন না। যাদের বিরুদ্ধে ইতোমধ্যে ‘রিটার্ন ডিসিশন’ বা দেশত্যাগের নির্দেশ জারি হয়েছে কিংবা যারা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই কর্মসূচির আওতার বাইরে থাকবেন।

বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষই নেবে। জানা গেছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ সুযোগ কার্যকর থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ