খুলনা | বুধবার | ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

খবর প্রতিবেদন |
০২:৫৭ পি.এম | ২৯ এপ্রিল ২০২৬

 

দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের টানা তিন মাস সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই ঘোষণা দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, তিন দিন আগে আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পরই স্থানীয় প্রশাসনকে আগাম সতর্কতা ও প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। বৃষ্টিতে যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাদের চিহ্নিত করে আগামী তিন মাস প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

সংসদে যোগ দেওয়ার আগে সকালে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে এ সংকট মোকাবিলার করণীয় নিয়েও আলোচনা করেছেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো কৃষক যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সেদিকে সরকার কঠোর নজরদারি রাখছে। বিশেষ করে ময়মনসিংহসহ তিনটি জেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করে আগামী তিন মাস নিরবচ্ছিন্নভাবে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কী ধরনের সহায়তা দেওয়া হবে, তা বিস্তারিত উল্লেখ করেননি প্রধানমন্ত্রী।

প্রিন্ট

আরও সংবাদ