খুলনা | বুধবার | ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩

সংবিধান সংশোধনে ১৭ জনের কমিটির প্রস্তাব, ‘আলোচনা করে’ জানাবে বিরোধীরা

খবর প্রতিবেদন |
০৫:২২ পি.এম | ২৯ এপ্রিল ২০২৬

 

জুলাই জাতীয় সনদ সামনে রেখে সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নিতে ১৭ সদস্যের বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকার।

ক্ষমতাসীন জোটের পক্ষ থেকে ১২ জনের একটি তালিকা প্রস্তুত আছে জানিয়ে বিরোধী দলকে পাঁচজনের নাম দিতে বলা হয়েছে।

তবে বিরোধী দলের নেতা শফিকুর রহমান বলেছেন, এ বিষয়ে তাদের ‘ধারণাগত পার্থক্য’ আছে, তাই এখনই মত দেওয়া সম্ভব নয়। বিষয়টি তারা নিজেদের মধ্যে আলোচনা করে পরে জানাবেন।

বুধবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে এ বিষয়ে কথা হয়।

আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে বলেন, বাংলাদেশে আজ যে সাংবিধানিক চর্চা চলে, চায়ের দোকান পর্যন্ত যে সাংবিধানিক চর্চা চলে, সেই সাংবিধানিক চর্চা আমরা এখানেও করতে চাই।

তিনি বলেন, এ চর্চার অংশ হিসেবেই কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুসারে সংবিধান সংশোধন-সংক্রান্ত একটি বিশেষ কমিটি করতে চায় সরকার।

আইনমন্ত্রীর ভাষায়, আমরা ১২ জনের নামের তালিকা ঠিক করেছি, যেখানে বিএনপি আছে, যেখানে গণঅধিকার পরিষদ আছে, যেখানে গণসংহতি আছে, যেখানে বাংলাদেশ জাতীয় পার্টিও আছে এবং স্বতন্ত্র সদস্যদেরও রাখা হয়েছে।

তিনি বলেন, ট্রেজারি বেঞ্চের এই ১২ জনের মধ্যে বিএনপি থেকে সাতজন এবং অন্য দল ও স্বতন্ত্রদের মধ্য থেকে পাঁচজন রাখা হয়েছে।

এরপর তিনি বিরোধী দলের প্রতিনিধিত্বের প্রসঙ্গ তুলে বলেন, উনাদের পক্ষ থেকে যদি আমি পারসেন্টেজ হিসেবে যাই, ২৬ শতাংশ আসে। সেখানে আমরা উনাদের পক্ষ থেকে পাঁচজনের নাম চাচ্ছি।

আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল আমরা চাই, উনাদের পক্ষ থেকে যদি পাঁচজনের নাম কালকে দেন, তাহলে আমরা এ কমিটি গঠন করে আমরা সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

প্রিন্ট

আরও সংবাদ