খুলনা | বৃহস্পতিবার | ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩

খুলনায় তিন দিনব্যাপী মাশরুম মেলার উদ্বোধন

তথ্য বিবরণী |
০১:৫৩ এ.এম | ৩০ এপ্রিল ২০২৬


মাশরুম চাষ স¤প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় অঞ্চল পর্যায়ে খুলনা বিভাগে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী মাশরুম মেলা উদ্বোধন অনুষ্ঠান বুধবার খুলনা শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। 
প্রধান অতিথি বলেন, আমরা এই মেলার মাধ্যমে একটি নতুন বার্তা পেলাম মাশরুম চাষ বাংলাদেশে কিভাবে সফল হলো। এটি অল্প শ্রমে, অল্প পুঁজি বিনিয়োগে, অল্প জায়গায় উৎপাদনযোগ্য একটি লাভজনক ফসলে পরিণত হয়েছে। আগে আমরা বিভিন্ন নামী-দামী রেস্টুরেন্টে মাশরুমের স্যুপ খেতাম। এখন আমরা এই মাশরুম কেক, মাশরুম পাউডার, চিপস ইত্যাদি নানাভাবে প্রক্রিয়াকরণ করে বাজারজাত করতে পারবো। তিনি বলেন, সবচেয়ে বড় ব্যাপার এটির ঔষধি গুণ রয়েছে। এই মেলার মাধ্যমে দর্শনার্থীরা মাশরুম চাষ পদ্ধতি ও পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারবেন। এতে খুলনা অঞ্চলে মাশরুম চাষ ব্যাপকভাবে প্রসার লাভ করবে বিশেষ করে নারীদের স্বাবলম্বিতা অর্জনে ও দারিদ্রহ্রাসে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি দৃঢ়ভাবে বিশ^াস করেন, প্রধানমন্ত্রীর কৃষক কার্ড কৃষিতে নতুন বিপ্লব সূচিত করবে।
সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির হর্টিকালচার উইং এর পরিচালক ড. মোঃ হযরত আলী। খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। মাশরুম চাষ বিষয়ক কী-নোট পেপার উপস্থাপন করেন মাশরুম চাষ স¤প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের পরিচালক ড. মোছাঃ আক্তার জাহান কাঁকন। অনুষ্ঠানে জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবীর হোসেন, মাশরুম উদ্যোক্তা মোঃ আনোয়ার হোসেন ও মোঃ আক্কাস আলী বক্তব্য রাখেন।
তিন দিনব্যাপী মাশরুম মেলায় খুলনার বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারী ২২টি স্টলে মাশরুম বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠান শুরুর আগে মেলা উপলক্ষে এক শোভাযাত্রা বের করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ