খুলনা | বৃহস্পতিবার | ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩

দেশে ফেরাতে সেভাবে কেউই উদ্যোগ নেয়নি: সাকিব

ক্রীড়া প্রতিবেদক |
০৪:০৬ পি.এম | ৩০ এপ্রিল ২০২৬

 

সাকিবপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে পারে এ বছরের শেষ নাগাদ। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান নিজেই আশার কথা শুনিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২০২৬ সালের শেষদিকে তিনি বাংলাদেশে ফিরতে পারবেন বলে আশাবাদী।

২০২৪ সালের আগস্টের অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে সাকিবের দেশে ফেরা জটিল হয়ে পড়ে। তার নামে মামলা হওয়ায় তিনি ঝুঁকি নেননি এবং পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এরপর বিভিন্ন সাক্ষাৎকারে ক্রিকেট ও ভবিষ্যৎ নিয়ে কথা বললেও দেশে ফেরার নির্দিষ্ট সময়ের কথা এতদিন খোলাখুলি বলেননি।

সম্প্রতি দ্য হিন্দুকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাকিব বলেন, 'ভবিষ্যৎ কী হবে তা এখনো পুরোপুরি ভাবিনি। তবে আমি মনে করি এ বছরের শেষদিকে সবকিছু সহজ হয়ে যাবে। এখন শুধু দোয়া করছি। একটা বিষয় নিশ্চিত, যেকোনোভাবে আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু কত দ্রুত সেটা হবে। আমি আশাবাদী যে এ বছরের শেষ নাগাদ ফিরতে পারব।'

এতদিন তিনি নির্দিষ্ট করে কিছু বলতে না পারলেও এখন বলছেন। প্রশ্ন হলো কীসের ভিত্তিতে বলছেন তিনি? সাকিব তার কারণও ব্যাখ্যা করেছেন, 'বাংলাদেশের ব্যাপারটা হলো, যেকোনো কিছু যেকোনো সময় বদলে যেতে পারে। আগামীকাল কী হবে, তা আপনি বলতে পারবেন না। এ জন্যই আমি এখন আশাবাদী যে দেশে ফিরতে পারব। কী হতে পারে, তা নিয়ে এত কিছু ভাবছি না। পরিবার নিয়ে আছি, যখন ক্রিকেট খেলার সুযোগ হচ্ছে খেলছি। কিন্তু বাংলাদেশে যাওয়ার ব্যাপারটা আমার হাতে নেই, আমি সমাধান খোঁজার চেষ্টা করছি।'

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসস্টারের এক সাক্ষাৎকারে সাকিব বলেন, 'আগের বোর্ড সত্যিই আমাকে ফেরানোর ইচ্ছে প্রকাশ করেছিল। কিন্তু মুখে বলা আর সেটাকে বাস্তবায়িত করা, দুটির মধ্যে অনেক পার্থক্য থাকে। এখনো আমি শুনি যে সবাই আমাকে ফেরাতে চায়। কিন্তু দুঃখের বিষয় হলো, সত্যিকার অর্থে কেউ তেমন কোনো উদ্যোগ নেয়নি।'

সাকিব স্পষ্ট করেছেন যে তিনি শুধু একটি বিদায়ী ম্যাচ খেলে বিদায় নিতে চান না। তিনি এখনো ফিট আছেন এবং বিশ্বাস করেন দলের জন্য অবদান রাখতে পারবেন। 'যতদিন অবদান রাখতে পারব, খেলতে চাই। যখন মনে হবে আমি বোঝা হয়ে যাচ্ছি, তখন আর খেলব না।'

শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় কানাডায় এক সমর্থকের 'দেশের জন্য কী করেছেন?' প্রশ্নে সাকিব আঘাত পেয়েছিলেন। তিনি বলেন, 'কিছু দর্শক প্রশ্ন তুলেছিল আমি দেশের জন্য কী করেছি? এটা শুনে খুব খারাপ লেগেছিল। প্রায় দুই দশক দেশের প্রতিনিধিত্ব করার পর এমন প্রশ্নের উত্তর কী দিব বুঝিনি। পরে মনে হয়েছে এগুলো পরিকল্পিত ছিল।'

ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে সক্রিয় থাকার ইচ্ছা আবারও জানিয়েছেন সাকিব। পাশাপাশি কোচিং বা ম্যাচ রেফারির মতো ভূমিকাতেও নিজেকে দেখতে চান বলে উল্লেখ করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ