খুলনা | শুক্রবার | ০১ মে ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩

পাটকেলঘাটায় প্রয়োজনীয় কাগজপত্রসহ জনবল না থাকায় ২টি ক্লিনিক সিলগালা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
০১:০৪ এ.এম | ০১ মে ২০২৬


পাটকেলঘাটায় প্রয়োজনীয় কাগজপত্রসহ জনবল না থাকায় ২টি ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, ডাক্তারী সনদহীন পুলক কুমার পাল দীর্ঘদিন ধরে পাটকেলঘাটা গোডাউন রোডে লোকনাথ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সেবার নামে ব্যবসা পরিচালনা করে আসছে। অদক্ষ চিকিৎসক দিয়ে সিজার করাতে যেয়ে লোকনাথ ক্লিনিকে ২/৩ জন প্রসূতি মায়ের মৃত্যু হয়। পরে এহেন ঘটনায় প্রশাসন ক্লিনিকটি সিলগালা করে দিলেও পরে পুলক পাল প্রশাসনকে তোয়াক্কা না করে ক্লিনিক ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়া উক্ত অভিযানে ওভার ব্রিজের উপর পাটকেলঘাটা নার্সিং হোমের প্রয়োজনীয় কাগজপত্র, অনুমোদিত জনবল (ডাক্তার/নার্স) ও সরঞ্জামাদির ঘাটতি পাওয়ায় প্রতিষ্ঠান দু’টি বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া পপুলার ডায়াগনস্টিক ক্লিনিককে কাগজপত্র হালনাগাদের জন্য ১ (এক) মাস সময় প্রদান করা হয়। এদিকে পপুলার ক্লিনিকেও কয়েকমাস পূর্বে হাতুড়ে ডাক্তার দ্বারা অপারেশন করতে যেয়ে রোগীর মৃত্যু হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্লিনিকটি বন্ধ করে দেন। কিছুদিন ক্লিনিক বন্ধ থাকলেও এসব ক্লিনিক মালিকরা খুবই চতুর। তারা উর্দ্ধতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে ভুয়া কাগজপত্র প্রদর্শন করে ক্লিনিকগুলো আবারও সচল করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। মূলত এসব ক্লিনিকে কোন ডাক্তার থাকেনা। তারা এলাকার উঠতি বয়সি মেয়েদের নামমাত্র পয়সা দিয়ে নার্স বানিয়ে ক্লিনিক ব্যবসা করে। রোগী ভর্তি হলে স্থানীয় হাতুড়ে ডাক্তার এনে চিকিৎসা করে দিনের পর দিন ক্লিনিকের বেড ভাড়াসহ পরীক্ষা নিরীক্ষার নামে রোগীদের টাকা হাতিয়ে নেয়।  

প্রিন্ট

আরও সংবাদ