খুলনা | শুক্রবার | ০১ মে ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩

নওয়াপাড়ার পীরজাদা বীর মুক্তিযোদ্ধা হাফেজ শাহ্ ওয়ালীউজ্জামানের ইন্তেকাল

অভয়নগর প্রতিনিধি |
০১:২২ এ.এম | ০১ মে ২০২৬


যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার পীরজাদা বীর মুক্তিযোদ্ধা হাফেজ শাহ্ ওয়ালীউজ্জামান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। গত বুধবার রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুম হাফেজ শাহ ওয়ালীউজ্জামান নওয়াপাড়ার পীর সাহেব কেবলা মরহুম খাজা আব্দুল মজিদ শাহ্’র পুত্র এবং সাবেক সংসদ সদস্য শাহ্ হাদীউজ্জামানের ছোট ভাই। বৃহস্পতিবার জোহরের নামাজের পর নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। মরহুমের মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করা হয়। পরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ