খুলনা | রবিবার | ০৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩

রাতের আঁধারে সরকার বিরোধী মিছিল করার অভিযোগ

যশোরে সাবেক এক প্রতিমন্ত্রী ও পাঁচ সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবদক, যশোর |
০৩:০৬ এ.এম | ০১ মে ২০২৬


রাতের আঁধারে সরকার বিরোধী মিছিল করার অভিযোগে যশোরে সাবেক এক প্রতিমন্ত্রী ও পাঁচ সংসদ সদস্যসহ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ত্রাস বিরোধী আইনে এই মামলা যশোর কোতোয়ালি থানার এসআই আশরাফ উদ্দিন করেন।
মামলার আসামিদের মধ্যে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য এড. মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াকুব আলী, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, নিষিদ্ধ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার, সাবেক সংসদ সদস্য রণজিত রায়ের ছেলে রাজীব রায়, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছেলে শুভ ভট্টাচার্যের নাম রয়েছে।
মামলার বাদী এসআই আশরাফ উদ্দিন এজাহারে উল্লেখ করেছেন, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত গেজেটের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যশোর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে আজিজ সিটি রোডে একত্রিত হয়। এ সময় তারা ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী সরকার বিরোধী নানা ধরনের স্লোগান দেয়। সংবাদ পেয়ে তিনি সেখানে গেলে আসামিরা পালিয়ে যায়। আসামিদের মধ্যে প্রথম ১৩ জন এই নিষিদ্ধ সংগঠনের গডফাদার ও অর্থ যোগানদাতা। বাকি ২৭ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য, সন্ত্রাসী এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে বেড়ায়। তারা এখনও সন্ত্রাসী কর্মকান্ড এবং দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। সন্ত্রাস বিরোধী আইনের ধারা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, যুবলীগের ব্যানারে এই বিক্ষোভ মিছিল করার অপরাধে ২৯ ও ৩০ এপ্রিল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। ইতোমধ্যে তাদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ