খুলনা | রবিবার | ০৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩

অর্থ আত্মসাৎ মামলায় অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক |
০৩:০৭ এ.এম | ০১ মে ২০২৬


অর্থ আত্মসাৎ মামলায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা অগ্রণী ব্যাংক ক্যাশ অফিসার সৈয়দ শিওন সাইফ (৪১) কে পৃথক তিনটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৩৬ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরও  ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। রায়ে ৪৬৮ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৪৭৯ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪০৯ ধারায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড, ৩৬ লাখ ৭৯ হাজার ৩৫৯ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে, যা ধারাবাহিক ভাবে চলবে। দণ্ডপ্রাপ্ত সৈয়দ শিওন সাইফ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার এনএসখোলা নওয়াগ্রামের বাসিন্দা নাজমুল হকের ছেলে। রায় ঘোষণাকালে সাইফ পলাতক ছিলেন। মামলার অপর আসামি ওই ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মিসেস সাফিয়া বেগমকে খালাস দিয়েছেন আদালত। সে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বারইখালি গ্রামের মুজিবুর রহমান ফকিরের স্ত্রী।   
আদালতের বেঞ্চ সহকারী মোঃ ইয়াসিন আলী নথীর বরাত দিয়ে জানান, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা অগ্রণী ব্যাংকে সৈয়দ শিওন সাঈফ ক্যাশ অফিসার ২০১১ সালের ৮ ডিসেম্ব^র থেকে ২০১৫ সালের ৬ জানুয়ারি পর্যন্ত এবং ব্যবস্থাপক সাফিয়া বেগম ২০১৩ সালের ৩ মে থেকে ২০১৫ সালের ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত শাখায় দায়িত্বরত ছিলেন। এ সময়ে তারা পরস্পর যোগসাজসে অত্র ব্যাংক শাখার বিভিন্ন ঋণ হিসাবে কাল্পনিক (ভাউচার ছাড়া কম্পিউটার পোস্টিং) জমার মাধ্যমে ২৩ লক্ষ দশ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক দীপক কুমার কুন্ডু বাদী হয়ে তাদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন যার নং- ১১। ২০১৭ সালের ২০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন এর সহকারী পরিচালক আবুল হাসেম কাজী দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখির করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এড. মোঃ আবুল হোসেন হাওলাদার।  
 

প্রিন্ট

আরও সংবাদ