খুলনা | শনিবার | ০২ মে ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩

রূপসা সরকারি কলেজের নাম পরিবর্তনে সুপারিশ

বেলফুলিয়া সরকারি কলেজ নামকরণে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক |
০৩:০৮ এ.এম | ০১ মে ২০২৬


খুলনা জেলার আইচগাতি ইউনিয়নে অবস্থিত ‘রূপসা সরকারি কলেজের নাম পরিবর্তন করে ‘বেলফুলিয়া সরকারি কলেজ’ নামকরণে শিক্ষা মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদন করা হয়েছে। খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল স্বাক্ষরে এ আবেদনটি করা হয়। গণ ২৩ এপ্রিল তিনি আবেদনটি শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।   
আবেদনে বলা হয়েছে, খুলনা-৪ আসন রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত। রূপসা উপজেলাতে মাত্র কয়েক মাইলের ব্যবধানে একই নামে দু’টি কলেজ প্রতিষ্ঠিত হওয়ায় বহুবিধ সমস্যার সৃষ্টি হয়েছে। স্বাধীনতার পর ১৯৭৩ সালে ঐতিহ্যবাহী অঞ্চল বেলফুলিয়াতে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। যার নামকরণ করা হয়েছিলো বেলফুলিয়া কলেজ। তৎকালীন সংসদ সদস্য (আওয়ামী লীগ) কলেজটি  সরকারিকরণের জন্য উক্ত কলেজের নামের বেলফুলিয়া অংশটি বাদ দিয়ে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ নামকরণ করেন। 
অপর দিকে, ১৯৮৬ সালে রূপসার মানচিত্রে পূর্ব রূপসার বাগমারা এলাকায়  ‘রূপসা কলেজ’ নামে একটি বেসরকারি কলেজ প্রতিষ্ঠা করা হয়, যে কলেজটি প্রায় চার দশক ধরে উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ছাত্র সংখ্যা কয়েক হাজারের অধিক।
আগস্ট বিপ্লবের পর কে বা কারা অঞ্চল সম্পর্কে কোনো প্রকার ধারণা না নিয়েই বেলফুলিয়ায় অবস্থিত কলেজের নামের বঙ্গবন্ধু অংশ বাদ দিয়ে ‘রূপসা সরকারি কলেজ’ নামকরণ করে। এরফলে একই নামে দু’টি কলেজ থাকার কারণে শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ জনগণ এবং বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কার্যক্রমে মারাত্মক বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। ভর্তিকালীন সময়ে আবেদন ও তথ্য প্রেরণে পরীক্ষার্থী ও অভিভাবকগণ বিভ্রান্ত হচ্ছেন। সরকারি ও বেসরকারি নথিপত্রে নাম সংক্রান্ত জটিলতা সৃষ্টি হচ্ছে। বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয় ও প্রশাসনিক নির্দেশনা, বরাদ্দ বণ্টন এবং পত্রালাপে বিভ্রান্ত তৈরি হচ্ছে। এমনকি প্রশ্নপত্র প্রেরণ, রেজিস্ট্রেশন ও ফলাফল সংক্রান্ত কার্যক্রমে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে।
স্থানীয় শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের মতামতের ভিত্তিতে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ সদ্য রূপান্তরিত রূপসা সরকারি কলেজ এর নাম সংশোধন করে যে ভূমিতে কলেজটি প্রতিষ্ঠিত সেই ঐতিহ্যবাহী স্থানের নামে ‘বেলফুলিয়া সরকারি কলেজ’ নামকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।

প্রিন্ট

আরও সংবাদ