খুলনা | রবিবার | ০৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩

কয়রায় সন্ত্রাসী হামলায় গৃহবধূসহ একই পরিবারের চার জন আহত

নিজস্ব প্রতিবেদক |
০২:২৩ এ.এম | ০৩ মে ২০২৬


কয়রা উপজেলার দশ বাড়িয়া এলাকায় একই পরিবারে সন্ত্রাসী হামলায় নাজমা বেগম (৩২) নামে গৃহবধূসহ একই পরিবারের চার জন আহত হয়েছে। বুধবার সকালে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতদের জায়গির মহল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে নাজমা বেগমের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার দশ বাড়িয়া এলাকার বাসিন্দা মোঃ আহমদ আলী সানার মেয়ে নাজমা বেগম (৩২) নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। বুধবার সকাল আনুমানিক ৭টায় ২০/২৫ জনের একটি দল লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে নাজমা বেগমসহ অপরদের মারপিট করতে থাকে। এ সময় গৃহবধূ গুরুতর আহত হয়। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে তার আলমারিতে রাখা জমি কেনার জন্য গচ্ছিত নগদ পাঁচ লাখ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে গুরুতর আহত নাজমা বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 
এদিকে আহত নাজমা বেগমের একমাত্র ছেলে এ বছর এসএসসি পরীক্ষার্থী সাগর ঢালীকেও মারপিট করে আহত করে সন্ত্রাসীরা। এসএসসি পরীক্ষার্থী সাগর মামার বাড়িতে থাকছেন। মামার বাড়ি থেকে পরীক্ষা দিতে যাচ্ছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের হয়েছে। সংশ্লিষ্ট থানায় অভিযোগের পর বিভিন্ন ভাবে হুমকি-ধামকি প্রদর্শন করছেন সন্ত্রাসীরা। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন গৃহবধূসহ তার পরিবারের সদস্যরা।  

প্রিন্ট

আরও সংবাদ