খুলনা | রবিবার | ০৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩

ছিনতাইকারীদের হাত থেকে মোবাইল রক্ষা করতে গিয়ে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক |
০২:২৬ এ.এম | ০৩ মে ২০২৬


ছিনতাইকারীদের হাত থেকে মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে সিএনজি থেকে পড়ে রানা (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে নগরীর মুজগুন্নী নেছারিয়া মাদ্রাসার সামনে ঘটনাটি ঘটে। আহত যুবক কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামের বাসিন্দা মকছেদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দৌলতপুরে যাওয়ার উদ্দেশ্যে শিববাড়ি মোড় থেকে সিএনজিতে ওঠে আহত যুবক। মোবাইল ফোনে কথা বলতে বলতে মুজগুন্নী নেছারিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলে দু’জন ছিনতাইকারী তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইলটি রক্ষা করতে গিয়ে সিএনজি থেকে পড়ে গিয়ে যুবক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবিদ হাসান বলেন, ঘটনাটি শোনার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ছিনতাইকারীরা যুবকের মোবাইল ফোনটি নিয়ে গেছে। আশপাশের সিসি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। ছিনতাইকারীরা মোবাইলটি নিয়ে তা বন্ধ করে দিয়েছে। আমরা হাসপাতালে গিয়ে আহত যুবকের সাথে কথা বলেছি। তার সার্বিক খোঁজ খবর নেওয়া হচ্ছে। আগামীতে যেন এ ধরণের ঘটনা না ঘটে সেজন্য পুলিশের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ