খুলনা | রবিবার | ০৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩

বাবরকে ছাড়াই বাংলাদেশে পাকিস্তান দল

ক্রীড়া প্রতিবেদক |
০১:১৫ পি.এম | ০৩ মে ২০২৬


নিউজিল্যান্ড সিরিজ শেষ হয়েছে গতকাল সন্ধ্যায়। এরপরও বিশ্রাম নেওয়ার ফুরসত পাচ্ছেন না লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা। ওয়ানডে, টি-টোয়েন্টি শেষে এবার টেস্টের পালা। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরই মধ্যে ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল।

আজ ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পাকিস্তান দলকে বহনকারী একটি বিমান। শান মাসুদের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে খেলবে বিরানব্বইয়ের চ্যাম্পিয়নরা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য কিছু দিন আগে ১৬ সদ্যসের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে দলে আছেন বাবর আজম।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল মাঠে গড়াবে আজ রাতে। যেখানে পেশোয়ার জালমির নেতৃত্বে আছেন বাবর। পিএসএলের ফাইনালের ব্যস্ততায় প্রথম ভাগে বাংলাদেশ সফরের সঙ্গী হতে পারেননি এই তারকা ব্যাটার। তবে বেশির ভাগ ক্রিকেটার আজ বাংলাদেশে পা রেখেছেন। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় পাকিস্তান দলকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

পাকিস্তানের ১৬ সদস্যের দলে নতুন মুখ চারজন। তাঁরা হলেন আমাদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। এই সিরিজ দিয়েই পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে অভিষেক হবে সরফরাজ আহমেদের। তাঁর নেতৃত্বেই ভারতকে হারিয়ে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক। বোলিং কোচের দায়িত্ব সামলাবেন উমর গুল।

বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে। ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুই দল। দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

পাকিস্তানের টেস্ট দল
শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, সালমান আলী, আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, হাসান আলী, ইমাম উল হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল।

প্রিন্ট

আরও সংবাদ