খুলনা | রবিবার | ০৩ মে ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩

শাপলা হত্যাকাণ্ড: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

খবর প্রতিবেদন |
০৬:৩১ পি.এম | ০৩ মে ২০২৬

 

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচি ঘিরে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে হত্যাযজ্ঞ চালায়, এর তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকউটর আমিনুল ইসলাম। তদন্তে শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (৩ মে) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর এই কথা বলেন।

তিনি জানান, তদন্ত শেষ পর্যায়ে। ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এক যুগের বেশি সময় আগে রাজধানীতে সংঘটিত আলোচিত সেই হত্যাকাণ্ডে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবীব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ জনকে অভিযুক্ত করা হয়।

গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই মাস বাড়িয়েছিলেন।

১৩ বছর আগে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিল কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করাসহ ১৩ দফা দাবি তুলে হেফাজতে ইসলাম ওই কর্মসূচি নিয়েছিল।

২০১৩ সালের ৫ মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল ওই কর্মসূচিকে কেন্দ্র করে। সেই রাতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। শেষ পর্যন্ত পুলিশ–র‍্যাব ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর।

সেই অভিযানে নিহত হয়েছিল ৩২ জন মানুষ এমনটাই তদন্তে বের হয়ে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শেষের দিকে হওয়ায় প্রকৃত হত্যার সংখা এখনি বলা যাচ্ছে না।

প্রিন্ট

আরও সংবাদ