খুলনা | মঙ্গলবার | ০৫ মে ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩

শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:১৬ এ.এম | ০৫ মে ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত পল্লী পশু চিকিৎস্যক অনিমেষ পরমান্য (৫০) কে উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা ।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাং গ্রামের চিহ্নিত হরিণ শিকারী জব্বার গাজী (৩৫), শাহিনুর রহমান (৩০) ও গাবুরা ইউনিয়নের বনদস্যু মাহমুদুল হাসান ডন (৩২)। উদ্ধারকৃত পল্লী পশু চিকিৎস্যক অনিমেষ পরমান্য (৫০) উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যর ছেলে। বর্তমানে  তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান জানান, জব্বার গাজী, মাহমুদুল হাসান ডন, শাহিনুর রহমানসহ সংঘবদ্ধ একটি দল সুন্দরবনের মাথা ভাঙ্গা নদীর ধলের খাল এলাকা থেকে অনিমেষকে অপহরণ করে। পরে স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম ও আব্দুল হামিদ লাল্টুর সহযোগিতায় পুলিশের একটি টিম রোববার রাতে সাঁড়াশি অভিযান শুরুর এক পর্যায়ে অনিমেষকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শাহিনুরের মাধ্যমে মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারে তুলে দিয়ে যায়। এ সময় শাহিনুরকে আটক করা হয়।
এদিকে, দুপুর ১২টার দিকে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা জব্বার গাজী ও মাহমুদুল হাসান ডনকে মীরগাঙ এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আব্দুল হামিদ লালটু জানান, অনিমেষ ও তার প্রতিবেশী ফজলুল হকের ছেলে খলিলের যৌথভাবে একটি জমি ক্রয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল রোববার। ২২ লাখ টাকা মূল্যমানের উক্ত দলিলের খসড়া চূড়ান্ত করার জন্য শনিবার খলিলের নিযুক্ত প্রতিনিধি আমানত গাজীর সাথে তার (অনিমেষের) শ্যামনগর সদরে যাওয়ার কথা ছিল। এরই মধ্যে শনিবার দুপুরের দিকে গরুর চিকিৎসা দেয়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নেয়া হয়। পরবর্তীতে ঘুরতে যাওয়ার অজুহাত দেখিয়ে সুন্দরবনের মধ্যে নিয়ে  জলদস্যুদের সহায়তায় তাকে জিম্মি করা হয়।
অপহরণের শিকার অনিমেষ পরমান্য জানান, তার প্রতিবেশী আশরাফ হোসেন নিজের ফুফাতো ভাইয়ের গরুর চিকিৎসা দেয়ার জন্য শনিবার সকালে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় সুন্দরবন বাজারে। পরবর্তীতে গরু না দেখিয়ে আগে সুন্দরবন ঘুরতে যাওয়ার কথা বলে কৌশলে বনের মধ্যে নিয়ে তাকে জিম্মি করে।
অনিমেষের ভাষ্য, ২ দিন ধরে তাকে বনের মধ্যে থাকা নৌকায় আটকে রাখা হয়। খাবার খাওয়ার সময় ছাড়া সারাক্ষণ হাত বেঁধে রাখা হয়। তাকে জিম্মি করে তার মোবাইল থেকে কল করে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে দেরি করার পাশাপাশি পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানানোর কারণে আটক অবস্থায় গরাণের লাঠি দিয়ে তাকে মারধরও করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ