খুলনা | মঙ্গলবার | ০৫ মে ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩

দুর্ঘটনায় জনপ্রিয় মালায়লাম অভিনেতার মৃত্যু

খবর বিনোদন |
০৫:১৫ পি.এম | ০৫ মে ২০২৬

 

মালায়লাম সিনেমা ও টেলিভিশনের পরিচিত মুখ সন্তোষ কে নায়ার এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ভারতব্যাপী নির্বাচনি উৎসব ও দামামার মধ্যে সিনেমা জগতের শক্তিমান এই অভিনেতার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। সিনেমা হলে এখনও চলছে তার অভিনীত ‘মোহিনিয়াট্টম’। এরই মধ্যে এলো তার করুণ মৃত্যুসংবাদ।

মঙ্গলবার সকালে কেরালার অদূরে পাথানামথিট্টা জেলার এনায়াথু এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সন্তোষ নায়ার। শতাধিক সিনেমায় অভিনয় করা এই জনপ্রিয় শিল্পীর আকস্মিক মৃত্যুতে শুধু মালায়লামই নয়, শোকস্তব্ধ পুরো ভারতীয় সিনেমা জগৎ।

ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে কেরালার পাথানামথিট্টায় অভিনেতার গাড়িটি দ্রুতগতিতে ছুটে আসা লরির সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় গুরুতর জখম হন অভিনেতা। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সঙ্গে থাকা অভিনেতার স্ত্রীও গুরুতর আহত হন। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

বিশেষ করে খলচরিত্রে অভিনয় করে সন্তোষ নায়ার ব্যাপক দর্শকপ্রিয়তা পান। এ ছাড়াও তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে সাবলীল অভিনয় করে ছাপ ফেলেছেন দর্শকের মনে। ১৯৮২ সালে ‘ইথু ঞ্জাঙ্গালুদে কথা’ ছবির মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন তিনি। অভিনেতার শেষ ছবি ‘মোহিনিয়াট্টম’। সিনেমাটি এখনও প্রেক্ষাগৃহে চলছে।

মালায়লামের জনপ্রিয় এই অভিনেতার আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা।

প্রিন্ট

আরও সংবাদ