খুলনা | বুধবার | ০৬ মে ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩

ডুমুরিয়ায় পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামী পলাতক

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:০৫ এ.এম | ০৬ মে ২০২৬


খুলনার ডুমুরিয়া উপজেলায় স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর দগ্ধ গৃহবধূ বিথি গাজীকে (২৬) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার উপজেলার মিকশিমিল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জনি গাজী (৩০) ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তিনি স্থানীয় একটি পেট্রোল পাম্পের কর্মচারী।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে মঙ্গলবার বেলা ১টার দিকে জনি গাজী ঘর থেকে পেট্রোল এনে স্ত্রী বিথির শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন। তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর দগ্ধ অবস্থায় বিথিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। 
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, আগুনে বিথির শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে।
এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আছের আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দম্পতির একটি শিশুসন্তান রয়েছে। ঘটনার পর অভিযুক্ত জনি গাজী পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

প্রিন্ট

আরও সংবাদ