খুলনা | বুধবার | ০৬ মে ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই পাকিস্তানের লক্ষ্য: শাহিন আফ্রিদি

ক্রীড়া প্রতিবেদক |
০২:৩৮ পি.এম | ০৬ মে ২০২৬

 

বাংলাদেশের বিপক্ষে সিরিজ পাকিস্তানের কাছে শুধুই আরেকটি দ্বিপক্ষীয় লড়াই নয়। মিরপুরে প্রথম টেস্ট শুরুর আগে শাহিন শাহ আফ্রিদির কথায় পরিষ্কার, পাকিস্তান এই সিরিজকে দেখছে টেস্ট চ্যাম্পিয়নশিপের বড় অভিযানের অংশ হিসেবে। লক্ষ্য শুধু সিরিজ জেতা নয়, লম্বা পথে এগিয়ে ফাইনালে ওঠা।

৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। তার আগে সংবাদ সম্মেলনে শাহিন বলেন, দল হিসেবে পাকিস্তানের লক্ষ্য অনেক বড়। টেস্ট ক্রিকেটে আগের অবস্থানে সন্তুষ্ট নন তারা।

শাহিনের ভাষায়, ‘আমরা শুধু একটি সিরিজের কথা ভাবছি না, টেস্ট চ্যাম্পিয়নশিপের কথাও ভাবছি। আমাদের লক্ষ্য কীভাবে ফাইনালে ওঠা যায়, কীভাবে ফাইনাল খেলা যায়। দল হিসেবে আমরা প্রস্তুত, সবাই বুঝি টেস্টে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

পাকিস্তান সাম্প্রতিক সময়ে টেস্টে ধারাবাহিকভাবে শীর্ষ পর্যায়ে থাকতে পারেনি। সেটি লুকানোর চেষ্টা করেননি শাহিন। বরং সরাসরি বলেছেন, পয়েন্ট টেবিলে ছয়, সাত বা আট নম্বরে শেষ করা পাকিস্তানের মানের সঙ্গে যায় না।

উর্দুতে দেওয়া উত্তরে তিনি বলেন, ‘নম্বরের দিক থেকে দেখলে আমরা দল হিসেবে সন্তুষ্ট নই। সবাই জানে, আমরা ছয়, সাত, আটে শেষ করছি, এটা ভালো লক্ষণ নয়। শেষ সিরিজে হয়তো ভালো খেলেছি, কিন্তু সেটিও আমাদের ২-০ ব্যবধানে জেতা উচিত ছিল।’

শাহিনের মতে, পাকিস্তানের মূল জায়গা হওয়া উচিত টেস্ট ক্রিকেট। পাঁচ দিনের ক্রিকেটে দল ভালো করলে তার প্রভাব পড়বে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও। এ জন্য ফিটনেস ও দীর্ঘ সংস্করণের মানসিক প্রস্তুতিকে বেশি গুরুত্ব দিতে চান তিনি।

তার কথা, ‘আমার মনে হয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত টেস্ট ক্রিকেটে ওপরে শেষ করা। যদি আপনার টেস্ট ক্রিকেট ভালো হয়, তাহলে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটও ভালো হবে। এ জন্য আমাদের বেশি ফোকাস করতে হবে, ফিটনেসও আরও ভালো হওয়া দরকার।’

পাকিস্তানের ড্রেসিংরুমেও একই বার্তা গেছে। শাহিন জানিয়েছেন, প্রধান কোচ সরফরাজ আহমেদও দলকে বলেছেন টেস্ট ক্রিকেটে উন্নতি করাই বাকি দুই সংস্করণের ভিত্তি হতে পারে।

তিনি বলেন, ‘এই বার্তাই সাফি ভাই গতকাল দিয়েছেন, আমরা যদি টেস্ট ক্রিকেটে ভালো করি, তাহলে আমাদের টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটও ভালো হবে। আমরা সবাই একমত, এই ক্রিকেটটা ভালো করলে বাকি ক্রিকেটও ভালো হবে।’

সরফরাজকে প্রধান কোচ হিসেবে পাওয়া নিয়েও ইতিবাচক শাহিন। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের কোচিং স্টাফে দ্রুত পরিবর্তন হয়েছে। জেসন গিলেস্পি থেকে শুরু করে নতুন পালাবদলের পর সাবেক অধিনায়ক সরফরাজের হাতে দায়িত্ব গেছে। শাহিন মনে করেন, এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের জন্য সরফরাজই ভালো বিকল্প।

তিনি বলেন, ‘সরফরাজ ভাই যখন প্রধান কোচ, আমরা সবাই সামনে তাকাচ্ছি। তিনি আমাদের সঙ্গে খেলেছেন। তিনি অধিনায়ক থাকা অবস্থায় আমরা প্রথম ম্যাচ খেলেছি, সেই স্মৃতি এখনও আছে। তিনি খুব ভালো জানেন খেলোয়াড়দের কীভাবে ব্যবহার করতে হয়, কন্ডিশন কীভাবে ব্যবহার করতে হয়।’

এরপরই শাহিন যোগ করেন, ‘আমার মনে হয়, পাকিস্তান ক্রিকেটের জন্য এই মুহূর্তে তিনি সেরা বিকল্প।’

বাংলাদেশের বিপক্ষে অতীত রেকর্ড বা আগের ফল নিয়ে খুব বেশি ভাবতে চান না শাহিন। তার কাছে এখন গুরুত্বপূর্ণ বর্তমান ও ভবিষ্যৎ। পাকিস্তান কোথায় ছিল, তার চেয়ে বেশি জরুরি এখন কোথায় যেতে চায়।

‘অতীত অতীতই। আমি ব্যক্তিগতভাবে অতীত মনে রাখতে চাই না। আমাদের লক্ষ্য বর্তমান ও ভবিষ্যৎ, কীভাবে আমরা নিজেদের প্রস্তুত করছি। দল হিসেবে আমাদের লক্ষ্য বড়,’ বলেছেন শাহিন।

প্রিন্ট

আরও সংবাদ