খুলনা | বুধবার | ০৬ মে ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩

মেহেরপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

খবর প্রতিবেদন |
০৫:৩৫ পি.এম | ০৬ মে ২০২৬

 

মেহেরপুর শহরে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে সাজু হোসেন এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এই রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট একেএম শফিকুল আলম।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান।

তিনি জাানন, রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার জামিন আবেদন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সাজু হোসেন মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী ডলি খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেন সাজু। পরে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর ডলি মারা যান।

এ ঘটনায় নিহতের মা শেফালি খাতুন মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারে ১১ জনের সাক্ষ্য নেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, সাক্ষ্যপ্রমাণ, জবানবন্দি ও উপস্থাপিত তথ্যের ভিত্তিতে আদালত দণ্ডবিধির ১১/ক ধারায় (যৌতুকের দাবিতে হত্যা) সাজু হোসেনকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন।

প্রিন্ট

আরও সংবাদ