খুলনা | শুক্রবার | ১৫ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডুমুরিয়ায় স্বামীর নিক্ষেপ করা পেট্রোলের আগুনে দগ্ধ গৃহবধূ মারা গেছে

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:১১ এ.এম | ০৭ মে ২০২৬


খুলনার ডুমুরিয়া উপজেলার দক্ষিণ মিকশিমিল গ্রামে স্বামীর নিক্ষেপ করা পেট্রোলের আগুনে দগ্ধ গৃহবধূ বিথি বেগম (২৪) মারা গেছেন। ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার বিকেলে শাহপুর গাজী বাড়িতে নিহতের পিতার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
নিহতের পিতা শাহপুর গ্রামের অফুর গাজী জানান, তার মেয়ে দুই সন্তানের জননী। বড় ছেলে মোসাব্বির গাজী (৩) ও ছোট ছেলে মুরসালিন (২)। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি বিরাজ করছিল।স্থানীয় একটি সূত্র দাবি করেছে, অভিযুক্ত জনি গাজী দীর্ঘদিন ধরে খর্নিয়া এলাকার একটি ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন এবং সেখান থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে পার্শ্ববর্তী একটি মুদি দোকানসহ বাজারের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। দীর্ঘ পারিবারিক কলহের জের ধরে ৫ মে বাগ বিতন্ডার একপর্যায়ে জনি গাজী তার স্ত্রীর শরীরে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়। বিকেলে স্বামী জনি গাজী তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে রওনা হন। তবে ঢাকায় পৌঁছানোর আগেই রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। শরীরের বড় একটি অংশ পুড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি ঘটনার পর অভিযুক্ত স্বামী জনি গাজী হাসপাতালের মর্গে মরদেহ রেখে পালিয়ে যান। রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর বাবর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
 

প্রিন্ট

আরও সংবাদ