খুলনা | বৃহস্পতিবার | ০৭ মে ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ

দীপু মনি, মোজ্জামেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

খবর প্রতিবেদন |
০২:২৮ পি.এম | ০৭ মে ২০২৬

 

শাপলা চত্বরের হামলার ঘটনায় সাবেক মন্ত্রী দিপু মনি, সাংবাদিক মোজ্জামেল বাবু ও ফারজানা রুপাকে আগামী ১৪ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আজ ট্রাইব্যুনালে ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করে প্রসিকিউশন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তখন তিনি আন্তর্জাতিকভাবে প্রচার করেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছে।

এ ছাড়া সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপার বিরুদ্ধে অভিযোগ, তারা শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উসকানিমূলক বক্তব্য হিসেবে টেলিভিশনের মাধ্যমে প্রচার করেছেন।

শুনানি শেষে তাদের তিনজনকে হাজির করার জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এবং পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেন।

এই মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

মামলায় গ্রেপ্তার রয়েছেন সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান, শাহরিয়ার কবিরসহ ছয় আসামি।

প্রিন্ট

আরও সংবাদ